“বিশ্বাস করি তাঁর ফিনিশার হওয়ার ক্ষমতাও আছে” – লখনউয়ের এক ওপেনার সম্পর্কে মন্তব্য গাভাস্কারের
ওপেনার হিসেবে ভালো ব্যাটিং করেছেন এই ক্রিকেটার
আপডেট করা - Apr 4, 2022 5:39 pm

ভারতের ব্যাটিং কিংবদন্তি এবং প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) অধিনায়ক কেএল রাহুল সম্পর্কে তাঁর ভাবনাচিন্তা প্রকাশ করেছেন, এবং বলেছেন যে তিনি আইপিএল ২০২২-এ তাঁর দলের ফিনিশারের ভূমিকায় খেলতে পারেন। রাহুল বর্তমানে কুইন্টন ডি ককের সঙ্গে ইনিংস ওপেন করছেন। এলএসজিতে যোগ দেওয়ার আগেও তিনি পাঞ্জাব কিংসের ওপেনার ছিলেন।
গাভাস্কার মনে করেন যে রাহুল তাঁর দলের জন্য ফিনিশারের ভূমিকা পালনের জন্য উপযুক্ত হবেন কারণ ডেথ ওভারে মাঠের সমস্ত অংশ জুড়ে শট মারার দক্ষতা আছে তাঁর। আগের আইপিএল মরসুমে এমন উদাহরণ রয়েছে যেখানে রাহুল ইনিংস শুরু করার পরে ডেথ ওভার পর্যন্ত ক্রিজে থেকেছেন।
গাভাস্কারের মতে রাহুল ডেথ ওভারে ব্যাটিং করলে এলএসজি ২০০-র বেশী রান করবে
“কেএল রাহুল যে কোনও দলের অবিচ্ছেদ্য অংশ। তিনি ব্যাটিং ওপেন করেন এবং ২০ ওভার ব্যাট করে তাঁর দলের রানের গতি নির্ধারণ করেন। আমি বিশ্বাস করি তাঁর ফিনিশার হওয়ার ক্ষমতাও আছে,” স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভে বলেছেন সুনীল গাভাস্কার।
“তিনি শুধু এমন একজন নন যে ইনিংস ওপেন করবেন এবং দলকে ভালো শুরু করবেন। ইনিংস শেষ করার জন্য তাঁর কাছে সব ধরণের শট রয়েছে। তাই যদি তিনি ১৫-১৬তম ওভার পর্যন্ত যেতে পারেন, তাহলে এলএসজি বোর্ডে ২০০-প্লাস রান তুলতে পারে,” গাভাস্কার যোগ করেছেন।
এলএসজি এখন পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে এবং হেরেছে। তাদের সঙ্গেই এই আইপিএলে প্রবেশ করা গুজরাত টাইটান্স-এর (জিটি) বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে হেরেছে কিন্তু একটি রোমাঞ্চকর লড়াইয়ে চেন্নাই সুপার কিংস-কে (সিএসকে) পরাজিত করে দুর্দান্তভাবে টুর্নামেন্টে ফিরে এসেছে। রাহুল সিএসকে-এর বিরুদ্ধে খেলায় কিছু বড় শট খেলেছেন, যদিও জিটি-র বিরুদ্ধে তাঁর প্রথম খেলায় শূন্য রানে আউট হয়েছিলেন।
তিনি ডি ককের সাথে ইনিংস ওপেন করছেন এবং রাহুল ডোয়েন প্রিটোরিয়াসের বলে আউট হওয়ার আগে দুজনে মিলে একটি দুর্দান্ত ৯৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। এলএসজি সানরাইজার্স হায়দ্রাবাদ-এর (এসআরএইচ) বিপক্ষে ৪ঠা এপ্রিল, ২০২২-এ, ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০-এ নভি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে লড়াই করবে।