কেকেআরের ক্যাম্পে যোগদান কামিন্সের, ৬ই এপ্রিল থেকে খেলতে পারবেন

আইপিএল মেগা নিলামে ৭.২৫ কোটি টাকায় কামিন্সকে কিনেছিল কেকেআর

Pat Cummins
Pat Cummins. (Photo Source: IPL./BCCI)

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার জন্য স্কোয়াডে যোগ দিয়েছেন। নেট সেশনের জন্য তাঁর বাকি সতীর্থদের সাথে যোগ দেওয়ার আগে তিনি এখন তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর শেষ হওয়ার একদিনের মধ্যে তিনি ৬ই এপ্রিল থেকে খেলতে পারবেন। অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ খেলোয়াড়দের জাতীয় দলে খেলার সময় কোনো লিগে খেলার অনুমতি নেই।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কামিন্সকে কেকেআর মেগা নিলামে ৭.২৫ কোটি টাকাতে কিনেছিল। ফ্র্যাঞ্চাইজি দ্বারা নিলামের আগে তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল। ২০২০ ও ২০২১ সংস্করণে কেকেআরের হয়ে খেলা কামিন্সকে এবার অর্ধেকেরও কম দামে দলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। ২০২০ সালের আইপিএল নিলামে, কেকেআর কামিন্সের জন্য ১৫.৫০ কোটি টাকা খরচ করেছিল এবং পেসার ভালো পারফর্ম করেছিলেন।

পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে প্যাট কামিন্স নেই। কিন্তু চুক্তির বাধ্যবাধকতার কারণে তিনি আইপিএলে শুরু থেকে খেলতে পারেননি। তাই, টেস্ট সিরিজ জয়ের পর, কিছু দিনের জন্য তাঁর পরিবারের সাথে থাকতে বাড়ি ফিরে যান এবং ৩০শে মার্চ এমসিজিতে শেন ওয়ার্নের স্টেট মেমোরিয়াল সার্ভিসে যোগদান করেন।

ফিরে আসতে পেরে দারুণ লাগছে, বলেছেন প্যাট কামিন্স

কেকেআর শিবিরের বায়ো-বাবলে যোগদানের পর প্যাট কামিন্স উচ্ছ্বসিত এবং শীঘ্রই তাঁর সতীর্থদের সাথে দেখা করার জন্য উন্মুখ। বাকি মরসুমে আবারও হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের সাথে কাজ করার জন্য তিনি উৎসাহী। অজি অলরাউন্ডার আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্ব থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এবং এখন ফ্র্যাঞ্চাইজির জন্য প্রভাব ফেলতে চাইবেন।

“ফিরে আসতে পেরে দারুণ লাগছে! এটি আকর্ষণীয় হতে চলেছে, বাজ (ম্যাককালামের ডাকনাম) এবং দলের বাকিদের সঙ্গে গত দুই বছর ভালো সময় কাটিয়েছি। এবারও তাই আশা করছি। আমার মনে হয় এটি কেকেআরের সাথে আমার পঞ্চম বছর, তাই সবাইকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না,” টুইটারে কেকেআরের পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছেন।

close whatsapp