ক্রিকেট সম্পর্কে ধোনির জ্ঞান এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ দেখে মুগ্ধ সিএসকের কিউয়ি পেসার অ্যাডাম মিলনে
মেগা নিলামে ১.৯০ কোটি টাকায় মিলনেকে কেনা হয়
আপডেট করা - Mar 30, 2022 7:03 pm

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার অ্যাডাম মিলনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম সংস্করণে চেন্নাই সুপার কিংসে কিংবদন্তি এমএস ধোনির সাথে খেলার সুযোগ পেয়ে সময়টি উপভোগ করছেন। কিউই পেসারকে আইপিএল ২০২২ মেগা নিলামে গতবারের চ্যাম্পিয়নরা ₹১.৯০ কোটিতে দলে নিয়েছিল। মিলনে অতীতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্ব করেছেন।
চেন্নাইয়ে এটিই তাঁর প্রথম মরসুম। অভিযান সবে শুরু হয়েছে এবং তিনি প্রাক্তন সিএসকে অধিনায়কের সাথে আরও বেশি যোগাযোগ করতে আগ্রহী। সিএসকে টিভিতে কথা বলতে গিয়ে, অ্যাডাম মিলনে বলেছেন, “আমি এর আগে কিছু আন্তর্জাতিক ম্যাচে তাঁকে বোলিং করেছি। তাঁর অধিনায়কত্ব এবং খেলা সম্পর্কে তাঁর জ্ঞান এবং কিছু সূক্ষ্ম পর্যবেক্ষণ দেখে মুগ্ধ। আমি তাঁর সম্পর্কে আরও জানতে এবং তাঁর সাথে কাজ করতে এবং ক্রিকেট খেলা সম্পর্কে তাঁর সাথে কথা বলতে পেরে উত্তেজিত।”
শনিবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে চেন্নাই হেরে গেলেও মিলনের শুরুটা মোটের উপর মন্দ ছিল না। তিনি ২.৩ ওভারে কোন উইকেট না নিয়ে ১৯ রান দেন।
দলে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা থাকায় এবং কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংকে পেয়ে অনেক বেশী স্বাচ্ছন্দ্যে আছেন অ্যাডাম মিলনে
২৯ বছর বয়সী এই পেসার বলেছেন যে তিনি একটি ‘নিশ্চিন্ত’ সিএসকে পরিবেশে থাকতে পেরে খুশি এবং তাঁর চারপাশে নিউজিল্যান্ডের কয়েকজনকে পেয়ে খুশি। অ্যাডাম মিলনে যোগ করেছেন, “দারুণ লাগছে, ছেলেদের গ্রুপের আশেপাশে থাকতে পেরে ভালো লাগছে এবং স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য আশেপাশে কয়েকজন কিউইদের পেয়ে ভালো লাগছে। দল হিসাবে ভাল খেলা ফ্র্যাঞ্চাইজিতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তাই এই পরিবেশে থাকতে ভালো লাগছে।”
তারপরে তিনি যোগ করেছেন, “চেন্নাইতে এসে ফ্লেম [স্টিফেন ফ্লেমিং]-কে কোচ হিসাবে পেয়ে আমি সত্যিই উজ্জীবিত। তাঁকে আমি একরকম চিনতাম, কিন্তু আমি কখনই তাঁর অধীনে কাজ করিনি বা তাঁর সাথে খুব বেশি কিছু করতে পারিনি, তাই আমি খুব উত্তেজিত এখানে তাঁর সাথে কাজ করতে পেরে। বিশ্বের সেরা কিছু ক্রিকেটারের কাছ থেকে শেখা যায়, এটাই আইপিএল।”
ব্ল্যাক ক্যাপস ক্রিকেটার ভক্তদের উন্মাদনা এবং ক্রিকেটারদের বিশেষ করে এমএস ধোনির প্রতি তাদের স্নেহ দেখে বিস্মিত। মিলনে শেষে বলেছেন, “চেন্নাইতে না থেকেও চেন্নাই দলের প্রতি যে ভালো বাসা দেখছি তাতে বোঝা যায় এমএসের প্রতি তাদের কতোটা ভালোবাসা এবং তিনি দেশের জন্য কী করেছেন। আইপিএলকে কেন্দ্র করে ভক্তদের এই উন্মাদনা দেখতে সত্যিই বিশেষ এবং দুর্দান্ত।”