আইপিএল ২০২২, ম্যাচ ৫: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস, পরিসংখ্যান এবং আসন্ন মাইলফলক
দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশী রান করেছেন সঞ্জু স্যামসন
আপডেট করা - Mar 28, 2022 10:38 pm

৩০শে মার্চ, ২০২২, বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস আইপিএল ২০২২-এর পঞ্চম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে পুনের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে। উভয় দলেরই একটি অসন্তোষজনক আইপিএল ২০২১ ছিল, এবং তারা নীচের দুটি স্থানে শেষ করেছিল। রাজস্থান রয়্যালস ৫টি জয় পেয়ে সপ্তম স্থানে ছিল এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র ৩টি জয় পেয়ে অষ্টম স্থানে শেষ করেছিল।
জস বাটলার, যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস ধরে রেখেছে। টপ-অর্ডারের আরেকজন আক্রমণাত্মক ব্যাটার এসেছেন – দেবদত্ত পাডিক্কল। এ ছাড়া শিমরন হেটমায়ার এবং রিয়ান পরাগের মতো পাওয়ার-হিটারও আছে স্কোয়াডে। বোলিং আক্রমণে আর অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের মতো দুই অভিজ্ঞ ভারতীয় স্পিনার রয়েছে। ট্রেন্ট বোল্ট এবং প্রসিধ কৃষ্ণ প্রধান পেস বোলিং বিকল্প হবেন।
অন্যদিকে, ডেভিড ওয়ার্নার ছাড়া এসআরএইচ-এর ব্যাটিং লাইন আপ সম্পূর্ণ বলে মনে হচ্ছে না। তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক পারফর্ম করা রাহুল ত্রিপাঠীকে কিনেছে। মিডল অর্ডারে অধিনায়ক কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, গ্লেন ফিলিপসের মতো বিদেশী ব্যাটিং বিকল্পও রয়েছে। গ্লেন ফিলিপসের এশিয়ার মাটিতে ভালো রেকর্ড নেই।
এসআরএইচ-এর বোলিং লাইন আপে আবারও ভুবনেশ্বর কুমার ও টি নটরাজনকে দেখা যাবে। উমরান মালিকের মতো একজন তীব্র গতির পেসার রয়েছেন। এ ছাড়া ওয়াশিংটন সুন্দর রয়েছেন যিনি পাওয়ারপ্লে ওভারে কার্যকরী বোলিং করেন। বিদেশী বোলারদের মধ্যে ফজলহক ফারুকীর দিকে নজর থাকবে।
আইপিএল ২০২২-এর পঞ্চম ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে নজর দেওয়া হল
হেড-টু-হেড: এসআরএইচ এবং আরআর ১৫টি আইপিএল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে এসআরএইচ জিতেছে ৮টি এবং আরআর জিতেছে ৭টি।
২ – আইপিএলে ৫০টি ছক্কা পূর্ণ করতে রাহুল ত্রিপাঠীর (৪৮) দুটি ছক্কা দরকার।
৫ – দেবদত্ত পাড়িক্কল (৯৫) আইপিএলে ১০০টি চারের ল্যান্ডমার্ক পূর্ণ করা থেকে পাঁচটি চার দূরে।
৩২ – জস বাটলারের (১৯৬৮) ২০০০ রান পূর্ণ করতে ৩২ রান প্রয়োজন।
২ – লিগে ৫০ উইকেটে পৌঁছতে দুটি শিকার দরকার শ্রেয়াস গোপালের (৪৮)।
২ – নাথান কুল্টার-নাইল আর দুই উইকেট নিলে (৪৮) আইপিএলে ৫০ উইকেটে পৌঁছবেন।
৫ – আর অশ্বিন (১৪৫) আইপিএলে ১৫০ উইকেট থেকে পাঁচ উইকেট দূরে।
৪ – আব্দুল সামাদ (৪৬) টি-টোয়েন্টিতে ৫০টি ছক্কা পূর্ণ করতে চারটি ওভার-বাউন্ডারি প্রয়োজন।
৩ – যুজবেন্দ্র চাহালের (২৪৭) টি-টোয়েন্টিতে ২৫০ উইকেট পূর্ণ করতে তিনটি সাফল্য প্রয়োজন।
৫ – নিকোলাস পুরান (২৯৫) টি-টোয়েন্টিতে ৩০০ ছক্কার মাইলফলক ছুঁতে পাঁচটি ছক্কার প্রয়োজন।
৬ – লিগে ২০০ বাউন্ডারি পূরণ করতে বাটলারকে (১৯৪) আর ছয়টি চার মারতে হবে।
৬ – নিকোলাস পুরান (৪৪) ৫০ ছক্কা থেকে আর ৬টি ছয় দূরে।
৮ – টি-টোয়েন্টি ম্যাচে ২০০ চারে পৌঁছতে পাড়িক্কলকে (১৯২) আটটি চার মারতে হবে।
৬১৫ – সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সবচেয়ে বেশী রান করা ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি এসআরএইচের বিপক্ষে প্রায় ৪৪ গড়ে ৬১৫ রান করেছেন।
১৭ – এসআরএইচ-এর বিরুদ্ধে যুজবেন্দ্র চাহালের নেওয়া মোট উইকেট, যা তাদের বিপক্ষে যে কোনো স্পিনারের নেওয়া সর্বোচ্চ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একমাত্র ডোয়েন ব্রাভোর (২১) বেশি উইকেট রয়েছে।
১৩ – পুনের এমসিএ স্টেডিয়ামে ৭.২১ ইকোনমি রেটে ১৫ ইনিংসে ভুবনেশ্বর কুমার ১৩ উইকেট নিয়েছেন।