সিএসকে ক্যাম্পে যোগ দিলেন মইন আলি, সম্ভবত দ্বিতীয় ম্যাচ থেকে প্রথম একাদশে দেখা যাবে
এখন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব চলছে মইনের
আপডেট করা - Mar 25, 2022 11:32 am

চেন্নাই সুপার কিংস (সিএসকে) স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কারণ অলরাউন্ডার মইন আলি ভারতে এসেছেন এবং বৃহস্পতিবার (২৪ মার্চ) দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে বাঁ-হাতি ব্যাটারের আগমন বিলম্বিত হয়েছিল এবং এর কারণে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে তাঁর দলের উদ্বোধনী ম্যাচটি না খেলার সম্ভাবনা রয়েছে।
শিবিরে সতীর্থদের সাথে যোগ দেওয়ার আগে মইনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব শেষ করতে হবে। সিএসকে ২৬শে মার্চ মরসুমের প্রথম ম্যাচে কেকেআরের সম্মুখীন হবে এবং সিএসকে-কে মইনের বিকল্পের সন্ধান করতে হবে। উল্লেখ্য, গত মরসুমে চেন্নাইয়ের শিরোপা জয়ে এই অলরাউন্ডারের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। দ্রুত গতিতে রান তোলার পাশাপাশি, বল হাতে অফ-স্পিনার মিতব্যয়ী স্পেল করে এবং গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিয়মিত অবদান রাখছিলেন।
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে সিএসকে মইন আলিকে ধরে রেখেছিল
সেই কারণে, ৩৪ বছর বয়সী মইনকে রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি এবং রুতুরাজ গায়কওয়াড়ের পাশাপাশি সিএসকে নিলামের আগে রিটেইন করে রেখেছিল। চারবারের চ্যাম্পিয়নরা চাইবে ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার এই মরসুমেও তাঁর আগের বছরের পারফর্ম্যান্স পুনরাবৃত্ত করুক। এদিকে, সিএসকে টুইটারে একটি পোস্টের মাধ্যমে মইনের আগমন নিশ্চিত করেছে। “মো ভাই চলে এসেছেন! #WhistlePodu #Yellove,” ক্যাপশনে লেখা।
Mo Bhai is IN! 💛#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/tqtPexrwKz
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
গত মরসুমে এই অলরাউন্ডারের পারফরম্যান্সের কথা বলতে গেলে, তিনি ১৫ ম্যাচে ২৫.৫০ গড়ে ৩৫৭ রান করেছিলেন, যার মধ্যে একটি অর্ধশতক ছিল। প্রতিযোগিতায় তিনি ছয় উইকেটও নিয়েছিলেন। সুরেশ রায়না যেহেতু সিএসকে স্কোয়াডের অংশ নন, তাই আলি সম্ভবত তিন নম্বরে ব্যাট করতে পারেন।
এদিকে, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে সিএসকে প্রথমবারের মতো পূর্ণ-সময়ের অধিনায়ক পদে পরিবর্তন আনলো। এমএস ধোনির কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন রবীন্দ্র জাডেজা এবং প্রতিযোগিতার প্রাক্কালে সিএসকে এটি নিশ্চিত করেছে। ধোনি যদিও একজন উইকেটকিপার-ব্যাটার হিসেবে তাঁর দায়িত্ব পালন করে যাবেন।
উল্লেখ্য, জাডেজা ইদানীং সেরা ফর্মে রয়েছেন এবং সিএসকে-এর সংস্কৃতির সাথে তিনি ভালো মতোই পরিচিত। ২০১২ মরসুম থেকে দলের সাথে যুক্ত তিনি। যদিও, তাঁর নেতৃত্বের দক্ষতা এখনও পরীক্ষিত নয় এবং নতুন ভূমিকায় তিনি কীভাবে সাড়া দেন তার দিকে নজর থাকবে সিএসকে ভক্তদের।