অবশেষে ভিসা-সংক্রান্ত জটিলতা কাটল, ভারতের বিমানে উঠছেন মইন আলি
প্রায় এক মাস আগে আবেদন জানিয়েও ভিসা পেতে দেরি হচ্ছিল মইনের
আপডেট করা - Mar 24, 2022 12:05 pm

সমস্ত জটিলতা কেটে গেল। চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার মইন আলির ভিসা সমস্যা কেটে গেছে এবং তিনি শীঘ্রই ভারতে চলে আসবেন। যদিও ইংল্যান্ডের অলরাউন্ডার মইন তাঁর ভ্রমণ নথির দীর্ঘ প্রতীক্ষিত ছাড়পত্র পাওয়া সত্ত্বেও ২৬শে মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে তাদের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারবেন না।
মইন লন্ডনে ভারতীয় হাইকমিশনের ভিসার অনুমোদনের অপেক্ষায় ছিলেন। তিনি প্রায় এক মাস আগে ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছিলেন। যদিও, আইপিএলের ১৫তম সংস্করণের প্রথম দিনে গত বারের চ্যাম্পিয়নদের হয়ে প্রথম একাদশে থাকার জন্য তিনি সময়মতো সবুজ সংকেত পাননি।
দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবেন মইন আলি
ক্রিকবাজ ২৪শে মার্চ মইন আলির ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যা বোঝা যাচ্ছে তাতে বলা যায় দীর্ঘ প্রশাসনিক জটিলতার পরেই তাঁর ভিসার অনুমোদন পাওয়া গেছে। “সে গতকাল তার কাগজপত্র সংগ্রহ করেছে এবং ভারতে উড়তে প্রস্তুত,” মইনের বাবা মুনির আলী বলেছেন। ফ্র্যাঞ্চাইজির সিইও কাসি বিশ্বনাথন বলেছেন, “তিনি সন্ধ্যায় মুম্বাই পৌঁছাবেন এবং সরাসরি আইসোলেশনে চলে যাবেন।”
“কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে না তবে আমরা খুশি যে সমস্ত অনিশ্চয়তা কেটে গেছে,” বিশ্বনাথন যোগ করেছেন। ইতিমধ্যে, মইনের বাবা অনুমোদনের ক্ষেত্রে অযৌক্তিক বিলম্বকে “ভয়ংকর” বলে অভিহিত করেছিলেন, কারণ তাঁর ছেলে ভারতে ঘন ঘন খেলতে যান।
এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে বলা যায়, মইন আইসোলেশন থেকে বেরিয়ে এলেই দলের বাকি সদস্যদের সঙ্গে যুক্ত হবেন এবং শেষ মুহূর্তে যদি ব্যাপক কোন পটপরিবর্তন না হয় তবে সিএসকের দ্বিতীয় ম্যাচ থেকেই তাঁকে প্রথম একাদশে পেতে বাধা থাকবে না। ৩১শে মার্চ আইপিএলে অভিষেককারী দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংস নিলামের আগে যে চার ক্রিকেটারকে ধরে রেখেছিল তাঁদের মধ্যে একজন ছিলেন মইন আলি। উল্লেখ্য, মইন ছিলেন ওই চারজনের মধ্যে একমাত্র বিদেশী ক্রিকেটার। ৮ কোটি টাকার বিনিময়ে মইনকে রিটেইন করেছিল সিএসকে।