নিলামে দিল্লি ক্যাপিটালসের কৌশল ভুল ছিল, মত ওয়াসিম জাফরের

সর্বোচ্চ আটজন বিদেশী নেওয়া গেলেও মাত্র সাতজন বিদেশীকে কিনেছিল ক্যাপিটালস

Delhi Capitals
Delhi Capitals. (Photo Source: IPL/BCCI)

ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর মনে করেন যে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) আইপিএল নিলামের কৌশল নির্ধারণে কিছুটা বিভ্রান্ত হয়েছে, বিশেষ করে তাদের বিদেশী বাছাইয়ের ক্ষেত্রে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মরসুমের জন্য ডিসি তাদের স্কোয়াডে মাত্র সাতজন বিদেশী খেলোয়াড়কে বেছে নিয়েছে।

তাদের কিছু গুরুত্বপূর্ণ বিদেশী খেলোয়াড়ের প্রাপ্যতা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। নিতম্বের ইনজুরিতে ভুগছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার অনরিখ নর্কিয়া। পাকিস্তানে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে। মিচেল মার্শ পাকিস্তান সিরিজের জন্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে রয়েছেন। দুজনেই ৬ই এপ্রিল থেকে আইপিএলে খেলতে পারবেন।  

আইপিএল ২০২২-এর জন্য ডিসির বিদেশী বাছাই বিশ্লেষণ করে, জাফর ইএসপিএনক্রিকইনফোতে আলোচনার সময় বলেছিলেন, “দিল্লি ক্যাপিটালস নিলামে তাদের কৌশল নিয়ে ভুল করেছে। খেলোয়াড় বাছাইয়ের সময় তাদের আন্তর্জাতিক সিরিজের কথা মাথায় রাখা উচিত ছিল। সর্বোচ্চ সীমা ৮, তাও তারা মাত্র সাতজন বিদেশী ক্রিকেটারকে বেছে নেয়। গত দুই বছরের মতো এটি একই ডিসি দল নয়। সম্ভবত মনদীপ সিং বা যশ ধুল খুলতে পারেন। সরফরাজ খান ৩-এ ব্যাট করতে পারতেন। সেরা কম্বিনেশন খুঁজতে তাদের অনেক ঝাড়াই-বাছাই করতে হবে।”

দিল্লির তরুণদের সামনে নিজেদের মেলে ধরার সুযোগ আছে: ওয়াসিম জাফর

ভারতের আরেক প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার মতে, দিল্লি ক্যাপিটালস স্কোয়াডে ভারতীয় দলটির মানও তেমন উন্নত নয়। তিনি বিস্তারিত বলেছেন, “তারা কুলদীপ যাদবকে নিয়েছে কিন্তু অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দেওয়া হয়েছে। আগে তাদের অমিত মিশ্র ছিল, এখন তাদের প্রবীণ দুবে এবং ললিত যাদবকে দিয়ে কাজ চালাতে হবে। ব্যাটিংয়ে তারা শিখর ধাওয়ানকে ছেড়ে দিয়েছে এবং যশ ধুল, মনদীপ সিং এবং শ্রীকর ভারতকে বেছে নিয়েছে।”  

তিনি যোগ করেছেন যে শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজি ক্ষতিগ্রস্থ হতে পারে। শ্রেয়াস কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) চলে গেছেন। চোপড়া বলেছেন, “শুধুমাত্র একজন শ্রেয়াস আইয়ার আছে, যে কারণে তাকে ১২.২৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল। সরফরাজ তার বদলি হতে পারবেন না। কাগজে-কলমে, খেলোয়াড়রা প্রতিশ্রুতিমান, কিন্তু ধাওয়ান, আইয়ার এবং অশ্বিনের মতো তাদের খ্যাতি নেই।”

ডিসি গত মাসে বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ নিলামের আগে ঋষভ পান্ত, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল এবং নর্কিয়াকে ধরে রেখেছিল। 

ডিসির ২০২২ স্কোয়াড কাগজেকলমে খুব শক্তিশালী বলে মনে হচ্ছে না মেনে নিয়ে, জাফর মনে করেন যে এটি তরুণদের সামনে নিজেদের জাত চেনানোর সুযোগ। তিনি বলেছেন, “আগের মান নেই। তবে দুটি দল যুক্ত হওয়ায় আরও তরুণরা খেলার সুযোগ পাবে। এটা তাদের জন্য লাভদায়ক হবে। দারুণ ফর্মে রয়েছেন সরফরাজ খান। তিনি এবং আরও কয়েকজন খেলোয়াড় এই সুযোগটি উপভোগ করবেন।” 

২৭শে মার্চ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস।

close whatsapp