অক্ষর পটেল সবসময়ই গুরুত্বপূর্ণ, দিন-রাতের টেস্টে নামার আগে জানালেন বুমরা
আপডেট করা - Mar 11, 2022 1:56 pm

ভারতীয় দলে কুলদীপ যাদবের জায়গায় অক্ষর পটেল এসেছেন দিন-রাতের টেস্টে। যদিও এখনও পর্যন্ত বেঙ্গালুরুতে তাঁর খেলার ব্যপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ভারতীয় দলের তরফে। কিন্তু অক্ষর পটেলের উপস্থিতি যে ভারতীয় দলের শক্তি বাড়িয়েছে তা বলতে কোনও দ্বিধা নেই এই সিরিজের সহ অধিনায়ক জসপ্রীত বুমরার। একইসঙ্গে কেন কুলদীপ যাদবকে এই দিন-রাতের টেস্টের জন্য দলে রাখা হয়নি, সেই কারণও ব্যখ্যা করেছেন জসপ্রীত বুমরাহ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে শেষ টেস্ট খেলতে নামবে ভারত। সেই ম্যাচ হবে আবার দিন-রাতের টেস্ট। এখনও পর্যন্ত ঘরের মাঠে মাত্র তিনটি দিন-রাতের টেস্টই খেলেছে টিম ইন্ডিয়া। যদিও প্রতিটি ম্যাচেই ভারতের জয়ের ধারা অব্যহত রয়েছে। আর সমস্তকিছু মাথায় রেখেই দল গোছাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই অক্ষর পটেল নাকি মহম্মদ সিরাজকে খেলানো হবে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।
চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে তাঁকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি। সেইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষর পটেল। সেই থেকেই রিহ্যাব চলছিল এই তারকা ক্রিকেটারের। অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছেন তিনি। যদিও প্রথম থেকে নয়, শেষ টেস্টের আগেই দলে ফিরেছেন তিনি। আর অক্ষরের দলে ফেরায় যে ভারতীয় শিবিরের শক্তি খানিকটা হলেও বৃদ্ধি হয়েছে তা বলতে দ্বিধা নেই জসপ্রীত বুমরার।
অক্ষর পটেলকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত জসপ্রীত বুমরার
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে বুমরাহ জানিয়েছেন, “অক্ষর পটেল যখনই দলে এসেছেন সবসময়ই শক্তি বৃদ্ধি হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন বিভাগেই তাঁর থেকে সাহায্য পেয়েছে দল। তিনি চোট পেয়েছিলেন ঠিকই, কিন্তু এখন পুরোপুরি সুস্থ হয়েই দলে ফিরেছেন। দলের কম্বিনেশন নিয়ে আমরা আলোচনা করব, তবে অক্ষর পটেল দলে সুযোগ পাওয়ার জন্য তৈরি রয়েছেন”।
আর বুমরার সেই মন্তব্য শোনার পর জল্পনা বাড়তে শুরু করেছে। তবে কী দ্বিতীয় টেস্টে সিরাজের জায়গায় অক্ষর পটেলই খেলতে চলেছেন। জসপ্রীত বুমরার সমস্ত কথাবার্তা শোনার পর তো তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেঙ্গালুরুর পিচে অবশ্য সবসময়ই স্পিনাররা সুবিধা পেয়ে এসেছে। এবার দিন-রাতের টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই মাঠেও লাল মাটির পিচ। সেখানেও স্পিনাররাই খানিকটা সুবিধা রাবে বলে মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
চিন্নাস্বামী সিরাজের খেলার অভিজ্ঞতা থাকলেও, হয়ত স্পিনার হিসাবে খানিকটা এগিয়ে রয়েছেন অক্ষর পটেলই।