ভারতীয় দল ৬২ রানে হারার পর নিজের দলের ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করলেন অধিনায়ক মিতালী
মিতালীর মতে দ্বিতীয়ার্ধে পিচে বাউন্স বেশী ছিল
আপডেট করা - Mar 10, 2022 6:52 pm

ভারতের মহিলা অধিনায়ক মিতালী রাজ তাঁর দলের ব্যাটারদের পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়েছেন কারণ তাঁরা আজ হ্যামিল্টনে ২০২২ মহিলা বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ড মহিলাদের বিরুদ্ধে শোচনীয় ব্যাটিং প্রদর্শন করে ৬২ রানে পরাজয় বরণ করেছে।
২৬১ রান তাড়া করতে নেমে ভারতের মহিলাদের ১৯৮ রানেই ইনিংস সমাপ্ত হয়ে যায়। ব্যাটারদের মধ্যে শুধুমাত্র হরমানপ্রীত কৌর ৭১ রান করে উল্লেখযোগ্য অবদান রাখেন। টপ ও মিডল অর্ডারের আর কোন ব্যাটারের ৮০-র উপর স্ট্রাইক রেট ছিল না। শীর্ষ চার ব্যাটারই বড় স্কোর করতে ব্যর্থ হন, এবং তাঁদের সেই রানও খুব ধীর গতিতে এসেছিল, যার ফলে ২৬১ তাড়া করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
ম্যাচের পর মিতালী বলেন, “টপ অর্ডার যদি রান রেট নিয়ন্ত্রণে রাখতে পারত তবে এটি একটি অর্জনযোগ্য স্কোর ছিল। আমাদের এমন কেউ ছিল না যে আমাদের সীমা অতিক্রম করাতে পারত।”
তিনি বলেছিলেন যে পিচে কিছু অতিরিক্ত বাউন্স ছিল, তবে এটি খেলার অযোগ্য পিচ একেবারেই ছিল না এবং তিনি মনে করেন ব্যাটারদের ঘুরে দাঁড়াতে হবে। “ফ্লাডলাইটের নিচে অনেক বাড়তি বাউন্স ছিল; তবে এটা খেলার অযোগ্য ছিল না, আমরা আরও ভালো করতে পারতাম। ব্যাটিং অর্ডারের উন্নতি করতে হবে,” তিনি বলেন।
হরমনপ্রীত কৌর ৬৩ বলে ৭১ রান করতে সক্ষম হন, যে ইনিংসে কিছু ট্রেডমার্ক স্লগ-সুইপস ছিল। কিন্তু তাঁর আগ্রাসী ব্যাটিং অনেকটাই দেরিতে এসেছিল। প্রতি ওভারে তখন প্রায় ১০ রানের কাছাকাছি করতে হত ভারতকে।
বোলারদের পারফর্ম্যান্সে খুশি মিতালী
মিতালী রাজের ব্যাটাররা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাফল্য না পেলেও ভারতের বোলাররা খারাপ পারফর্ম করেননি এবং বিপক্ষকে ২৬০/৯-এ সীমাবদ্ধ রাখে। ১০ ওভারে চার উইকেট নিয়ে পূজা ভাস্ত্রকার ভারতের সেরা বোলার ছিলেন। ভারত অধিনায়ক তাদের বোলিং প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং বলেছেন, “আমি ভেবেছিলাম ওরা শুরুর দিকের উইকেট হারানোর পর একটা ভালো পার্টনারশিপ পেয়েছে, এবং মনে হচ্ছিল ২৮০ লক্ষ্য রেখেছিল। কিন্তু, শেষ পর্যন্ত, আমরা ম্যাচে ফিরে আসার জন্য একটি ভাল কাজ করেছি।”
তিনি যোগ করেছেন, “আজ রাতে বোলাররা প্রশংসনীয় পারফর্ম করেছে, যেমনটা তারা আগের ম্যাচে করেছিল।”
এক জয় ও এক পরাজয় নিয়ে এখন পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ভারতের মহিলারা। তারা এরপর মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ মহিলাদের, যারা এখনও পর্যন্ত তাদের দুটি ম্যাচেই জিতেছে।