টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ বড় ধাক্কা খেল বাংলাদেশ, প্রথম প্রস্তুতি ম্যাচে নেই অধিনায়ক মাহমুদউল্লা
মঙ্গলবার টাইগাররা নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে
আপডেট করা - Oct 12, 2021 11:56 am

টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। পিঠের চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লা। বাংলাদেশ নির্বাচক হাবিবুল বাশার বলেছেন চোট খুব গুরুতর না হলেও সাবধানতার খাতিরে মাহমুদউল্লাকে বিশ্রামে রাখা হচ্ছে যাতে কোয়ালিফাইয়িং রাউন্ডের আগে পুরোপুরি সুস্থ অবস্থায় দলের অধিনায়ককে পাওয়া যায়।
১৪ই অক্টোবর আবু ধাবিতে বাংলাদেশ আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ওমানের আল আমেরাতে কোয়ালিফাইয়িং রাউন্ডের অভিযান শুরু করছে বাংলাদেশ ১৭ই অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশ আশাবাদী টি-২০তে তাদের সবচেয়ে সফল অধিনায়ক মাহমুদউল্লাই মূল টূর্নামেন্টের আগে সুস্থ হয়ে দলকে নেতৃত্ব দিতে পারবেন।
ইএসপিএনক্রিকইনফোতে বাশার উদ্ধৃত হয়েছেন, “মাহমুদউল্লার পিঠে সামান্য ব্যথা আছে। একবার টূর্নামেন্ট শুরু হয়ে গেলে আর বিশ্রামের অবকাশ পাবে না, কারণ তখন পরপর ম্যাচ আছে। তাই আমরা ঝুঁকি নিতে চাই না। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে না, ফলে সেরে ওঠার জন্য সময় পাবে। ও একজন বর্ষীয়ান ক্রিকেটার। আশা করা যায় বিশ্রাম নিয়ে, সম্পূর্ণ তৈরী হয়েই মাঠে নামবে।”
টি-২০ বিশ্বকাপ খেলতে সবার আগে এসেছে বাংলাদেশ। আল আমেরাতে কয়েকদিন একটি ট্রেনিং ক্যাম্প করেছে এবং ওমানের ‘এ’ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ৬০ রানে জিতেছে। বাশার মনে করছেন ফ্লাডলাইটের আলোয় খেলার সময় ম্যাচের উপর শিশিরের ভালোই প্রভাব পড়বে।
তিনি বলেন, “কোন বড় টূর্নামেন্টে ভালো খেলতে গেলে মনোভাবটা ঠিক রাখা জরুরী। ছেলেদের দেখে আমার মনে হচ্ছে ওরা আত্মবিশ্বাসে ভরপুর। মূল টূর্নামেন্টে প্রতিযোগিতা অনেকটাই কঠিন, কিন্তু সেখানে এই আত্মবিশ্বাসটা আমাদের সাহায্য করবে।”
বাশার আরো বলেন, “ওমানের পিচ সতেজ এবং এখানে খুব বেশি ম্যাচ না হওয়ায় মোটামুটি অব্যবহৃত। প্রকৃত পিচ যেমন হওয়া উচিত তেমনই পিচ। পিচ থেকে বোলার সাহায্য পাবে, ব্যাটাররাও ব্যাটিং উপভোগ করবে। স্পিনাররা খুব বেশি বল টার্ন করাতে পারবে না। সন্ধ্যায় বেশ ভালোই শিশির পড়ে।”
জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি টি-২০ সিরিজ জিতে টূর্নামেন্টে নামছে বাংলাদেশ। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান দলে যোগ দিয়েছেন। তবে কলকাতা নাইট রাইডার্স এখনো টূর্নামেন্টে টিকে থাকায় শাকিব আল হাসান জাতীয় দলে যোগ দেননি।