ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটানোর ব্যাপারে প্রত্যয়ী ট্রেন্ট বোল্ট

মৌলিক কাজগুলি ঠিক করে করতে পারলে ইংল্যান্ডকে হারাতে পারবেন বলে তাঁর বিশ্বাস

Trent Boult
Trent Boult. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

বুধবার আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের ফেভারিট ইংল্যান্ডের সাথে মুখোমুখি হচ্ছে ভারত-সংহারক নিউজিল্যান্ড। ম্যাচের আগের দিন কিউয়িদের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট আত্মবিশ্বাসী যে তাঁরা ইংল্যান্ডকে হারিয়ে একটি বড় অঘটন ঘটানোর ক্ষমতা রাখেন।

সুপার ১২ পর্বে ইংল্যান্ডের মতো ব্ল্যাক ক্যাপ্সও সমসংখ্যক ম্যাচ জিতেছে। যেখানে নিউজিল্যান্ড তাদের অভিযান শুরু করেছিল হার দিয়ে সেখানে গ্রুপের শেষ ম্যাচে এসে পরাজয়ের শিকার হয়েছে ইংল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও ইংল্যান্ডকে এখনো অনেকেই টূর্নামেন্টের ফেভারিট দল হিসেবেই মনে করেন।

“ইংল্যান্ড দলে ম্যাচ-জেতানো ক্রিকেটারের ছড়াছড়ি। তারা খুবই ভারসাম্যপূর্ণ দল এবং এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভালো  খেলছে। আমি আশা রাখি ইংল্যান্ডের মতো একটি শক্তিশালী দলকে হারিয়ে আমরা একটা বড় অঘটন ঘটাবো।”

“সাদা বলের ক্রিকেটে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস কারও অজানা নয়। তাই আমি নিশ্চিত আমাদের দেশে অনেক সমর্থকই আগ্রহ নিয়ে এই ম্যাচটি দেখতে বসবে,” নিউজিল্যান্ড ক্রিকেট বোল্টকে উদ্ধৃত করেছে।

ছেলেরা মাঠে নেমে একসাথে লড়ছে – ট্রেন্ট বোল্ট

বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে খেলতে গেলে কোন কোন বিষয়গুলির দিকে নজর রাখা উচিত সেই সম্পর্কে বলতে গিয়ে ট্রেন্ট বোল্ট উল্লেখ করেছেন যে মৌলিক কাজগুলো ঠিক করে করতে পারাই হবে তাঁদের লক্ষ্য তাঁরা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব উইকেট তুলে নিতে। শিশিরের জন্য এখনো অবধি বেশিরভাগ দলই টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে।

“আমার কাছে বিষয়টা হল সবকিছু আবার নতুন করে শুরু করা। টূর্নামেন্টের শেষের দিকে এসে আমরা অন্যতম শক্তিশালী দলের সম্মুখীন হয়েছি। এই মুহূর্তে আমাদের দলের জন্য যেটা সবচেয়ে কার্যকরী তা হল ছেলেরা মাঠে নেমে একসাথে লড়ছে, যতটা সম্ভব নির্ভুল ক্রিকেট খেলার চেষ্টা করেছে। বাকি ম্যাচগুলোর মতো আগামী ম্যাচেও লক্ষ্য থাকবে যত তাড়াতাড়ি সম্ভব উইকেট তুলে নেওয়া। পিচের চরিত্র বোঝা আরো একটি গুরুত্বপূর্ণ কাজ। আমার মনে হয় কাল সেটা আমরা যতো আগে বুঝতে পারব ততোই আমাদের জন্য লাভদায়ক হবে, “বোল্ট যোগ করেছেন।”

সুপার ১২ পর্বে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার সাথে ট্রেন্ট বোল্ট যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। ৫ ম্যাচে ৫.৮৪ ইকোনমি রেটে তিনি তুলেছেন মোট ১১টি উইকেট।

close whatsapp