উইকেট পাওয়ার পর কেন বেশী উচ্ছ্বাস দেখান না, কারণ ফাঁস করলেন জসপ্রিত বুমরাহ
বুমরাহ জানিয়েছেন কেরিয়ারের শুরুতে তিনি বিপুল উচ্ছ্বসিত হতেন
আপডেট করা - Mar 2, 2022 2:14 pm

২০১৮ সালে তাঁর টেস্ট অভিষেকের পর থেকে, জসপ্রিত বুমরাহ খুব শীঘ্রই ভারতের পেস বোলিং আক্রমণের নেতা হয়ে উঠেছেন। ডানহাতি বোলার তাঁর দক্ষতার কারণে নিমেষেই বিশ্বজুড়ে ব্যাটারদের ত্রাসে পরিণত হয়েছিলেন এবং ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বুমরাহকে প্রায়শই অনেক ক্রিকেট পন্ডিত এবং প্রাক্তন খেলোয়াড়রা এমন একজন হিসাবে দেখেছেন যাঁর মধ্যে একজন নেতা হওয়ার ক্ষমতা রয়েছে। কেএল রাহুলের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ এবং টেস্ট, উভয় সিরিজের জন্যই ২৮ বছর বয়সীকে ভারতের সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে।
নতুন ভূমিকা অবশ্যই ফাস্ট বোলারের জন্য একটি অতিরিক্ত দায়িত্ব নিয়ে আসবে, তবে, বুমরাহ এটিকে দলের বর্তমান ভূমিকার একটি পরিবর্ধন হিসাবে দেখেন। তিনি বিশ্বাস করেন যে সহ-অধিনায়ক কেবল একটি পদ এবং দলের একজন সিনিয়র সদস্য হিসাবে তিনি সর্বদা অন্য খেলোয়াড়দের সাহায্য করতে সক্ষম হবেন বলে আশা করেন।
সহ-অধিনায়কের দায়িত্ব গ্রহণ করতে পেরে খুব খুশি: জসপ্রিত বুমরাহ
“আমি এটিকে একটি নির্দিষ্ট অবস্থান হিসাবে দেখি না। এমন কোন কথা নেই যে একজন স্পিনার বা ফাস্ট বোলার, বা একজন ব্যাটারকেই নেতা হতে হবে। দলের একজন সিনিয়র সদস্য হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী খেলোয়াড়দের সাহায্য করতে হবে। আমি আগেই বলেছি আমার জন্য এটি একটি পদ মাত্র। হ্যাঁ, এটি একটি দুর্দান্ত সুযোগ এবং আমি এটি গ্রহণ করতে পেরে খুব খুশি,” বুমরাহ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন।
বুমরাকে তাঁর কেরিয়ারের শুরুতে তাঁর উইকেট নিয়ে ব্যাপকভাবে উদযাপন করতে দেখা গেছে, যদিও সাম্প্রতিক অতীতে সেই আগের মতো উচ্ছ্বসিত উদযাপন দেখা যায় না। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, বোলার মন্তব্য করেছেন যে একজন তরুণ ক্রিকেটার হিসাবে তিনি উচ্ছ্বসিত উদযাপন করতেন, তবে, তিনি এখন বুঝতে পেরেছেন যে খেলার পরে উদযাপন করার জন্য যথেষ্ট সময় রয়েছে এবং ম্যাচের সময় তাঁর ফোকাস যেন কেবল ম্যাচের উপরেই থাকে।
“যখন আমি ছোট ছিলাম, আমি অনেক সেলিব্রেশন করতাম। আমি অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়তাম এবং এমনকী আমার আমার উদযাপনের পদ্ধতি পরিকল্পনা করে রাখতাম। কিন্তু আমি এখন কাজের উপর ফোকাস করার চেষ্টা করি এবং হ্যাঁ যখন খেলা শেষ হয় এবং দল জিতে যায় তখন উদযাপন করার জন্য যথেষ্ট সময় থাকে। তাই যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে, ততক্ষণ আমার থাকে ফোকাস দলকে জেতানোর দিকে,” তিনি যোগ করেছেন।
৪ঠা মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। দলের নেতৃত্ব দেবেন সদ্য-নিযুক্ত অধিনায়ক রোহিত শর্মা।