অভিষেক ম্যাচের অনুভূতি প্রকাশ করলেন আভেশ খান
ভারত ম্যাচ জিতলেও আভেশ ৪ ওভারে ৪২ রান দিয়ে একটিও উইকেট তুলতে পারেননি
আপডেট করা - Feb 21, 2022 2:52 pm

দীর্ঘ সময় স্কোয়াডে থাকার পর অবশেষে তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় ক্যাপ মাথায় তোলার সুযোগ পেলেন আভেশ খান। মধ্যপ্রদেশের পেসার আইপিএল ২০২১-এ ১৬টি ম্যাচে ২৪ উইকেট নিয়ে দ্বিতীয়-সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে শেষ করেছিলেন। তারপরই টি-২০ বিশ্বকাপ শুরু হয়ে যায়। সেখানে ডাক না পেলেও পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে জায়গা পেলেও প্রথম একাদশে স্থান পাননি।
নিয়মিত ১৪০ কিমি/ঘণ্টায় বোলিং করার ক্ষমতা থাকা আভেশ খান ডেথ ওভারে ইয়র্কারের জন্যও বেশ পরিচিত। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ম্যাচ যদিও তাঁর তেমন ভালো কাটল না। যেখানে অন্যান্য ভারতীয় বোলাররা ৭ বা ৮ ইকোনমি রেটের কাছাকাছি বোলিং করলেন, সেখানে তাঁর ইকোনমি রেট সাড়ে ১০। চার ওভারে ৪২ রান দিয়ে একটিও উইকেট পাননি আভেশ।
আভেশ উল্লেখ করেছেন যে তিনি তাঁর আন্তর্জাতিক অভিষেকে বেশ নার্ভাস ছিলেন এবং বিস্তারিত জানিয়েছেন যে এই মঞ্চ অবধি আসার জন্য তিনি কতটা কঠোর পরিশ্রম করেছেন। তিনি যোগ করেছেন যে অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় চাপ কমাতে প্রচুর সাহায্য করেছিলেন।
যখন আমি জানলাম যে আমি খেলছি, আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম: আভেশ খান
“স্নায়বিক চাপ আসবেই। যখন আমি জানলাম যে আমি খেলছি, আমার অভিষেক হচ্ছে তখন আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম কারণ যে জিনিসটির জন্য আমি কঠোর পরিশ্রম করেছি তা অবশেষে পূরণ হতে চলেছে। রোহিত ভাই (রোহিত শর্মা) আমাকে সমর্থন করেছিলেন, রাহুল স্যার (দ্রাবিড়) আমাকে আমার অভিষেক খেলা উপভোগ করতে বলেছিলেন। এই দিনটি আর ফিরে আসবে না এবং আমি কেবল উপভোগ করেছি,” আভেশ বিসিসিআই দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে ভেঙ্কটেশ আইয়ারের সাথে একটি আলাপচারিতায় বলেছেন।
আভেশ যোগ করেছেন যে তিনি পুরো ম্যাচটিই উপভোগ করেছেন কারণ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে। ভারতের হয়ে ব্যাট হাতে সূর্যকুমার যাদব দাপট দেখানোর পর, বোলিংয়ের সময় নজর কাড়েন হর্ষল প্যাটেল।
“এটি একটি সুন্দর অনুভূতি ছিল। প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে ভারতের হয়ে খেলা এবং আমার স্বপ্ন আজ (রবিবার) পূরণ হলো। আমার খুব ভালো লাগছে। আমি মুহূর্তটি উপভোগ করেছি, এবং আমরা ম্যাচটি জেতায় পুরো ম্যাচটিও উপভোগ করেছি। আমি যতটা সম্ভব ভারতীয় দলের কাজে আসার চেষ্টা করব,” আভেশ যোগ করেছেন।