ছয় বছর পর আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ভারত
৩-০ ব্যবধানে সিরিজ জেতার পর ইংল্যান্ডকে টপকে ১ নম্বর র্যাঙ্ক দখল করেছে ভারত
আপডেট করা - Feb 21, 2022 1:13 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ করার পর ভারত আইসিসি টি-টোয়েন্টি টিম র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে গেছে। রোহিত শর্মার দল ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থান অর্জন করেছে। মেন ইন ব্লু ও থ্রি লায়ন্স – উভয়েরই রেটিং সমান – ২৬৯। তবে, পয়েন্টের নিরিখে ভারত এগিয়ে। ভারতের পয়েন্ট ১০,৪৮৪, অন্যদিকে ইংল্যান্ডের সংগ্রহে ১০,৪৭৪ পয়েন্ট। এটা অবশ্যই উল্লেখ্য যে ভারত বিগত ছয় বছরের মধ্যে প্রথমবারের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ র্যাঙ্ক অর্জন করল।
উল্টোদিকে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ তিনটি ম্যাচেই ভারতের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিলেও গোটা সফরে একটিও ম্যাচ না জিতে ক্যারিনিয়ানরা নিজেদের দেশে ফিরছে। রবিবার (ফেব্রুয়ারি ২০) সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে ভারত ১৭ রানে জেতার সঙ্গে সঙ্গে সিরিজ হোয়াইটওয়াশ করে।
তৃতীয় ম্যাচে ৩১ বলে ৬৫ রান করা সূর্যকুমার যাদব প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন। তিনি ছাড়াও, অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার, লেগ-স্পিনার রবি বিষ্ণোই এবং ফাস্ট বোলার হর্ষল প্যাটেল পুরো সিরিজ জুড়েই নজরকাড়া পারফর্ম্যান্স করেছেন। ওয়েস্ট ইন্ডিজের জন্য যদিও এই সিরিজটি মনে রাখার মতো হয়নি। তবে এর মধ্যেও নিকোলাস পুরান তিনটি ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন এবং রস্টন চেজ মাঝের ওভারগুলিতে বল হাতে নিয়ন্ত্রণ দেখিয়েছেন এবং মূল্যবান ৬টি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন।
সিরিজ জয়ে খুশি: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা
অধিনায়ক রোহিত শর্মা তাঁর দলের পারফরম্যান্সে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং ম্যাচ পরবর্তী কথোপকথনে তিনি সেই কথা প্রকাশ করেছেন। “সিরিজ নিয়ে খুশি। আমরা যা চেয়েছিলাম তা মোটামুটি পেয়েছি। আমরা বুঝতে পারি যে আমরা দল হিসেবে খুবই অনভিজ্ঞ। আমরা এখনও ভালো তাড়া করার দল, কিন্তু অনেক খেলোয়াড় অনুপস্থিত। তাই আমরা চেয়েছিলাম ছেলেরা বুঝতে পারুক চাপের পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয়,” বলেছেন রোহিত।
“আমাদের মাথায় (টি-টোয়েন্টি) বিশ্বকাপ আছে এবং আমরা সবাইকেই খেলার সময় দেওয়ার চেষ্টা করছি। শ্রীলঙ্কা একটি ভিন্ন চ্যালেঞ্জ। তবে আমি এমন কেউ নই যে প্রতিপক্ষের দিকে তাকায়, আমি দেখতে চাই দল হিসেবে আমরা কী করতে পারি,” তিনি যোগ করেছেন।
এদিকে, ভারত ও ইংল্যান্ড ছাড়া শীর্ষ পাঁচ র্যাঙ্কে আছে পাকিস্তান (২৬৬), নিউজিল্যান্ড (২৫৫) ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ২৪৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।