দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ভারতীয় দলে একটি পরিবর্তন চান সাবা করিম

ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারবেন এমন একজন পেসার চায়ছেন তিনি

India vs West Indies
India vs West Indies. (Photo Source: Twitter)

সাবা করিম মনে করেন টিম ইন্ডিয়াকে আক্রমণে ধার বাড়ানোর জন্য দলে একজন সত্যিকারের দ্রুত ফাস্ট বোলার দরকার। প্রাক্তন উইকেটকিপারের মতে, যেহেতু দীপক চাহার একজন সুইং বোলার হিসেবে ভালো করছেন, তাই ভারতকে অবশ্যই ভুবনেশ্বর কুমারের পরিবর্তে মহম্মদ সিরাজকে চেষ্টা করতে হবে। কারণ হিসেবে তিনি বলেছেন ভুবনেশ্বর ও চাহারের বোলিং শৈলী একই ধরণের বলে সিরাজ এলে বৈচিত্র্য আসবে। 

টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভুবনেশ্বর এবং চাহার উভয়কেই খেলিয়েছে। ভুবনেশ্বর চার ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট পান এবং চাহার তিন ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট দাবি করেন। 

“পাওয়ারপ্লেতে উইকেট নেওয়া বোলার দরকার” – সাবা করিম 

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দলের বোলিং বিকল্প নিয়ে আলোচনা করে করিম একটি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। খেলানীতি পডকাস্টে তিনি বলেছেন, “প্রথম একাদশে একজন সত্যিকারের দ্রুত বোলার টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণকে সম্পূর্ণ করবে। সমস্ত দিক উন্নত করার জন্য আপনার সব ধরণের বোলার দরকার। যেহেতু দীপক চাহার সুইং বোলার, তাই ভুবির পরিবর্তে ভারত মহম্মদ সিরাজকে খেলাতে পারে। তাদের কাছে হর্ষল প্যাটেলও রয়েছে, যার চমৎকার বৈচিত্র্য রয়েছে। এর ফলে বোলিংকে আরও শক্তিশালী দেখাবে।”

৫৪ বছর বয়সী ইঙ্গিত করেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে বোলিং আক্রমণে টিম ইন্ডিয়ার কাঙ্ক্ষিত পরিবর্তন করা দরকার। তিনি বিস্তারিত বলেছেন, “প্রত্যেক দলেরই এমন বোলার দরকার যারা পাওয়ারপ্লে, মিডল ওভার এবং ডেথেও বল করতে পারে। হর্ষল বেশিরভাগই মাঝের ও শেষ ওভারে বল করেন। তাই পাওয়ারপ্লেতে উইকেট নেওয়া বোলার দরকার। এমনকি বিশ্বকাপেও, ১৪০ কিলোমিটার গতি থাকা বোলাররা সাফল্য অর্জন করেছিল। জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক উদাহরণ। ভালো গতিসম্পন্ন বোলারদের বিকাশিত হওয়ার জন্য সুযোগ দেওয়া উচিত।”

সিরাজ ছাড়াও, টি-টোয়েন্টি দলে ভারতের পেসার আভেশ খানও রয়েছেন, যাঁর এখনও অভিষেক হয়নি। প্রাক্তন অফ-স্পিনার নিখিল চোপড়াও টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণে পরিবর্তনের বিষয়ে করিমের সাথে একমত হয়েছেন। তিনি সুইং বোলার হিসাবে ভুবনেশ্বরের আগে চাহারকে রেখেছেন। ৪৮ বছর বয়সী বলেছেন, “ভুবনেশ্বরের প্রতি কোনো অসম্মান না করে বলছি, টি-টোয়েন্টি একটি পাওয়ার গেম, ভারতের এমন একজন ফাস্ট বোলার দরকার যে ব্যাটকে শক্তভাবে আঘাত করতে পারে। দীপক চাহার বলকে অনেক বেশি সুইং করাচ্ছেন, যা ১০ বছর আগে ভুবনেশ্বর কুমার করাতেন। আমাদের দলে অবশ্যই অন্য একজন ফাস্ট বোলার দরকার, যে সত্যিকারের দ্রুত।”

close whatsapp