“চিন্তা করো না, আমি ক্রিজের ভিতরেই আছি” – রয়্যালসে অশ্বিন আসতেই তির্যক মন্তব্য বাটলারের
অশ্বিনের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগ করতে উন্মুখ বাটলার
আপডেট করা - Feb 13, 2022 10:51 am

জস বাটলার ও রবিচন্দ্রন অশ্বিন আইপিএল ২০২২-এ একই ড্রেসিং রুম ভাগ করবেন। মেগা নিলামের আগে বাটলারকে রাজস্থান রয়্যালস (আরআর) ধরে রেখেছিল, এবং মেগা নিলাম থেকে অশ্বিনকে রয়্যালস ৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। উল্লেখ্য, বাটলার ও অশ্বিনের মধ্যে আইপিএলে এমন একটি ঘটনা ঘটেছিল, যা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।
বাটলার ও অশ্বিনের মধ্যে ঘটা সেই ঘটনার ইতিহাস জানার জন্য আইপিএলের ২০১৯ সংস্করণে ফিরে যেতে হবে। অশ্বিন বোলিং করার সময় বাটলার নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন এবং বোলার ডেলিভারি করার আগেই ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। অশ্বিন তখন ডেলিভারি না করে, বোলিং অ্যাকশনের মাঝপথে থেমে বাটলারকে রান আউট করেন। এইভাবে রান আউট ক্রিকেটে আইনত স্বীকৃত হলেও, স্পিরিট অফ দ্য গেমের কথা ভেবে অনেক ক্ষেত্রেই আউট করা থেকে বিরত থাকে ফিল্ডিং করা দল। কিন্তু এক্ষেত্রে অশ্বিন আউটের আবেদন করায় বাটলারকে আউট ঘোষণা করা হয় এবং তাঁকে দৃশ্যত অসন্তুষ্ট দেখিয়েছিল।
রয়্যালস দ্বারা নিলাম থেকে নির্বাচিত হওয়ার পরে, অশ্বিন বলেছিলেন যে তিনি বাটলারের সাথে আরআর ড্রেসিং রুম ভাগ করতে আগ্রহী। আর তারপর অশ্বিনকে উদ্দেশ করে বাটলার একটি বার্তা দিয়েছেন। ইংল্যান্ড ক্রিকেটার বলেছেন যে তিনি ক্রিজের ভিতরেই থাকবেন, এবং অভিজ্ঞ ভারতীয় অফ-স্পিনারকে চিন্তা না করতে বলেছেন। বাটলার এই বলে শেষ করেছেন যে তিনি অশ্বিনের সাথে একটি ড্রেসিং রুম ভাগ করার জন্য উন্মুখ।
“হে অ্যাশ, জোস এখানে। চিন্তা করো না, আমি ক্রিজের ভিতরেই আছি। রয়্যালসের হয়ে তোমাকে গোলাপী জার্সিতে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। তোমার সাথে একই ড্রেসিং রুম ভাগ করার জন্য উন্মুখ. হাল্লা বোল,” রাজস্থান রয়্যালসের (আরআর) অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওতে বাটলার বলেছেন।
রাজস্থান রয়্যালসের প্রকাশ করা ভিডিওটি
To Ash, with love 💗
– @josbuttler#RoyalsFamily | @ashwinravi99 | #IPLAuction pic.twitter.com/t7LJRPPtwa
— Rajasthan Royals (@rajasthanroyals) February 12, 2022
আইপিএল মেগা নিলামের প্রথম দিনে, রাজস্থান রয়্যালস (আরআর) তাদের স্কোয়াডকে শক্তিশালী করার লক্ষ্যে বিপুল অর্থ খরচ করেছে। তারা শিমরন হেটমায়ারকে ৮.৫ কোটি টাকায় কিনেছিল, এবং দেবদত্ত পাড়িক্কলকে ৭.৭৫ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে।
তারা ট্রেন্ট বোল্টকে নিয়েছে ৮ কোটি টাকা খরচ করে। সম্প্রতি জাতীয় দলের হয়ে ফর্মে থাকা প্রসিধ কৃষ্ণকে দলে আনতে ১০ কোটি টাকা খরচ করেছে। দুজন সিনিয়র স্পিনার যুজবেন্দ্র চাহাল ও অশ্বিনকেও কিনেছে তারা। চাহালকে পেতে ‘মেন ইন পিঙ্ক’ খরচ করেছে ৬.৫ কোটি টাকা। এর পরে, তারা যথাক্রমে ৩.৮ কোটি এবং ৩০ লক্ষ টাকায় রিয়ান পরাগ ও কেসি কারিয়াপ্পাকে কিনেছে।