ব্যাটারদের তালিকায় সেরা দর পেলেন হেটমায়ার, অলরাউন্ডারদের মধ্যে হর্ষলের হাতে ১০.৭৫ কোটি টাকা

জেসন হোল্ডারও নিলামে ভালো দর পেয়েছেন

Harshal Patel
Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

ব্যাটারদের তালিকা থেকে প্রথম নিলামে ওঠেন মণীশ পাণ্ডে। ১ কোটি টাকার বেস প্রাইস থাকা মণীশের জন্য সানরাইজার্স হাউদ্রাবাদ ও দিল্লী ক্যাপিটালস লড়াই করতে থাকে। যদিও ৪ কোটি দর ছাড়াতেই লখনউ সুপার জায়ান্টস আসরে নামে এবং ৪.৬ কোটি টাকায় তাঁকে কিনে নেয় গৌতম গম্ভীরের মেন্টরিং করা দল লখনউ। 

এরপর আসেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমায়ার এবং এই তালিকায় সবচেয়ে চাহিদা থাকা ক্রিকেটার হিসেবে তিনিই উঠে আসেন। দিল্লী ও রাজস্থানের মধ্যে তাঁকে নিয়ে লড়াই চলতে থাকে। শেষ অবধি ৮.৫ কোটি টাকাতে রাজস্থান তাঁকে কেনে। এই তালিকায় বিস্ময়করভাবে ডেভিড মিলার ও সুরেশ রায়নার জন্য দরদাতা খুঁজে পাওয়া যায়নি। এই দুই ক্রিকেটারকে পরে কোন দল কেনে কি না তার দিকে নজর থাকবে। এই তালিকা থেকে দেবদত্ত পাড়িক্কালও ভালো দর পেয়েছেন। তাঁকে আরআর কেনে ৭.৭৫ কোটি টাকা খরচ করে।

ব্যাটারদের নিলাম হয়ে যেতেই অলরাউন্ডারদের নাম ওঠে। এই তালিকার বেশীর ভাগ ক্রিকেটারের জন্যই ক্রেতা পাওয়া যায়। ডোয়েন ব্রাভোকে তাঁর পুরনো দল চেন্নাই ৪.৪ কোটি টাকা দিয়ে কেনে। কেকেআরের হয়ে দীর্ঘদিন ধরে খেলা নীতিশ রানার জন্য কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে লড়াই চলতে থাকে। যদিও কেকেআরই তাঁকে ৮ কোটি টাকা দিয়ে কিনে নিতে সক্ষম হয়।

শাকিব আল হাসানের জন্য দরদাতা খুঁজে পাওয়া যায়নি। জেসন হোল্ডারকে লখনউ সুপার জায়ান্টস ৮.৭৫ কোটি টাকায় কেনে। হোল্ডারকে নিয়ে সিএসকে, রাজস্থান ও মুম্বইও আগ্রহ দেখিয়েছিল। এই তালিকা থেকে সবচেয়ে বেশী দামে বিক্রি হন হর্ষল প্যাটেল। সিএসকে ও আরসিবি তাঁর জন্য প্রাথমিকভাবে লড়াই করার পর সানরাইজার্স হায়দ্রাবাদও আসরে নামে। যদিও আরসিবির আক্রমণাত্মক দরের সামনে কেউ টিকতে পারেনি এবং হর্শলকে তারা কেনে ১০.৭৫ কোটি টাকায়।

জাতীয় দলে সদ্য ঢোকা দীপক হুডার জন্য রাজস্থান রয়্যালস দর ডাকা শুরু করে। সিএসকেও আগ্রহ দেখায়। কিন্তু লখনউয়ের ৫.৭৫ কোটি টাকার দরের বেশী কেউ দর ডাকতে আগ্রহ দেখায়নি। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার জন্য দলগুলি মন্থরভাবে দর ডাকা শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর দর ৪ কোটি ছাড়িয়ে যায় পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের টানাটানিতে। এরপর আরসিবি তাদের আগ্রহ দেখানোয় ৭ কোটি পার করে যায় তাঁর দর। আরসিবি ও পাঞ্জাবের আগ্রহে দর যখন ১০.৭৫ কোটি টাকায় দাঁড়িয়ে তখন দুর্ঘটনা ঘটে আইপিএল মঞ্চে। নিলামে দর আহ্বায়ক হিউ এডমিডস অজ্ঞান হয়ে পড়েন। ওই জায়গাতেই নিলাম সাময়িক থামিয়ে দেওয়া হয়।

কোন ব্যাটার কোন দলে

মনীশ পাণ্ডে – লখনউ সুপার জায়ান্টস – ৪.৬ কোটি টাকা

শিমরন হেটমায়ার – রাজস্থান রয়্যালস – ৮.৫ কোটি টাকা

রবিন উথাপ্পা – চেন্নাই সুপার কিংস – ২ কোটি টাকা

জেসন রয় – গুজরাত টাইটান্স – ২ কোটি টাকা

ডেভিড মিলার – অবিক্রিত

দেবদত্ত পাড়িক্কাল – রাজস্থান রয়্যালস – ৭.৭৫ কোটি টাকা

সুরেশ রায়না – অবিক্রিত

স্টিভ স্মিথ – অবিক্রিত

কোন অলরাউন্ডার কোন দলে

ডোয়েন ব্রাভো – চেন্নাই সুপার কিংস – ৪.৪ কোটি টাকা

নীতিশ রানা – কলকাতা নাইট রাইডার্স – ৮ কোটি টাকা

জেসন হোল্ডার – লখনউ সুপার জায়ান্টস – ৮.৭৫ কোটি টাকা

শাকিব আল হাসান – অবিক্রিত

হর্ষল প্যাটেল – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১০.৭৫ কোটি টাকা

দীপক হুডা – লখনউ সুপার জায়ান্টস – ৫.৭৫ কোটি টাকা

অবশিষ্ট অর্থ

চেন্নাই সুপার কিংস – ৪১.৬ কোটি টাকা

দিল্লী ক্যাপিটালস – ৪১.২৫ কোটি টাকা

গুজরাত টাইটান্স – ৪৩.৭৫ কোটি টাকা

কলকাতা নাইট রাইডার্স – ২০.৫ কোটি টাকা

লখনউ সুপার জায়ান্টস – ৩৩.১৫ কোটি টাকা

মুম্বই ইন্ডিয়ান্স – ৪৮ কোটি টাকা

পাঞ্জাব কিংস – ৫৪.৫ কোটি টাকা

রাজস্থান রয়্যালস – ৩২.৭৫ কোটি টাকা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৩৯.২৫ কোটি টাকা

সানরাইজার্স হায়দ্রাবাদ – ৬৮ কোটি টাকা

close whatsapp