আইপিএলের নিলামে সামিকে নিয়ে লড়াই হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স, হায়দরাবাদ ও লখনউয়ের

Mohammed Shami
Mohammed Shami. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সামির  বোলিংয়ে মুগ্ধ হয়েছিলেন সকলে। তিন ম্যাচে সিরিজে প্রায় ১২টি উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি। এছাড়া ডেথ ওভারেও তাঁর বোলিংয়ের দক্ষতা দেখেছেন সকলে। আসন্ন আইপিএলের নিলামে মহম্মদ সামির জন্য লড়াই যে হাড্ডহাড্ডি হবে তা বলাই বাহুল্য। ভারতের এই তারকা পেসারকে নিয়ে এখন থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে শুরু হয়ে গিয়েছে হিসাব নিকাশ।

তবে মহম্মদ সামিকে দলে নেওয়ার লক্ষ্যে সবচেয়ে বেশী আগ্রহ দেখাতে পারে তিনটি ফ্র্যাঞ্চাইজি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্ট। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে বসতে চলেছে আসন্ন আইপিএলের মেগা নিলামের আসর। ইতিমধ্যেই ৫৯০ জন চূড়ান্ত বাছাই করা ক্রিকেটার বাছা হয়ে গিয়েছে। অপেক্ষা এখন শুধুই নিলামের আসর বসার।

সেই আসরেই শোনাযাচ্ছে বড়় অঙ্কে বিনিময়ে কোনও একটি দলে যেতে পারেন মহম্মদ সামি। কিন্তু কোনদল শেষপর্যন্ত বাজি মারবে, সে তো সময়ই বলবে। কিন্তু সামিকে নিয়ে আপাতত নিেজেদের হিসাব নিকাশ শুরু করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদরা। হবে নাই বা কেন এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা বোলারও তিনিই।

ডেথ ওভারের সমস্যা মেটাতে মহম্মদ সামিকে নেওয়ার লক্ষ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

গত দুই মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বারবার ডেথ ওবার স্পেশ্যালিস্টের অভাবে ভুগতে দেখা গিয়েছে। ভারতীয় দল ও পঞ্জাব কিংসের হয়ে সেই ভূমিকা যথেষ্ট গুরুত্বের সঙ্গে পালন করেছেন মহম্মদ সামি। দলকে সাফল্যও এনে দিয়েছেন তিনি। তাই নিজেদের ডেথ ওভারের সমস্যার সমাধান মেটাতে মহম্মদ সামিকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডেথ ওভারে সামির ইয়র্কার দেওয়ার দক্ষতাও নজর কেড়েছে সকলের। নিলামের জন্য মহম্মদ সিরাজকে ছাড়েনি তারা। সিরাজের সঙ্গে সামি থাকলে বেঙ্গালুরুর বোলিং যে অনেক বেশী শক্তিশালী হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

বোলিং লাইনআপে নেতৃত্বের জন্য সামিকে পছন্দ সানরাইজার্স হায়দরাবাদের

গতবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। দশ দলের আইপিএল হতে চলেছে আসন্ন মরসুমে। লড়াই আরও হাড্ডহাড্ডি হতে চলেছে। সেই লড়াইয়ে টিকে থাকা জন্য শক্তিশালী দল তৈরি করতে মরিয়া সানরাইজার্স। আর সেজন্য দলের বোলিং লাইনআপকে সবচেয়ে বেশী শক্তিশালী করতে চাইছে তারা। সেজন্য মহম্মদ সামি তাদের অন্যতম পছন্দ। নিলামের আগে তরুণ পেসার মহম্মদ উমরাণ মালিককে রেখে দিয়েছে সানরাইজার্স। দলের বোলিংকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞ সামিকেই এবার চাইছে তারা। দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তরুণদের মেন্টরও হতে পারবেন তিনি। এছাড়া সামির ডেথ ওভারে দুর্ধর্শ ইয়র্কার দেওয়ার দক্ষতাও রয়েছে।

মহম্মদ সামির দিকে নজর রয়েছে লখনউ সুপার জায়ান্টসেরও

এই দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সামিকে নেওয়ার লড়াইয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টসও। ইতিমধ্যেই  লোকেশ রাহুল, রবি বিষ্ণোই এবং মার্কাস স্টয়নিসকে তুলে নিয়েছে তারা। স্পিনার নিলেও, এখনও পর্যন্ত কোনও পেসার তারা নেয়নি। প্রথম মরসুমেই শক্তিশালী দল গড়তে সামিকে নিতে চাইছে তারা। অভিজ্ঞতার পাশাপাশি এই ভারতীয় বোলার তাদের দলে এলে বোলিংয়ে শক্তিও বৃদ্ধি পাবে।

গত মরসুমে পঞ্জাবের কিংসের হয়ে ১৪ ম্যাচে ১৯টি উইকেট রয়েছে মহম্মদ সামির। ইকনমি রেট ৭.৫০। শেষপর্যন্ত আসন্ন আইপিএলে কোন দল মহম্মদ সামিকে নেয় সেটাই এখন দেখার।

close whatsapp