মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন রোহিত, পরিসংখ্যান বদলের লক্ষ্যে ভারত অধিনায়ক

Rohit Sharma
Rohit Sharma. (Photo by ROBERTO SCHMIDT/AFP via Getty Images)

চোট সারিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থ। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন রোহিত শর্মা। অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে কী আহমেদাবাদে ভারতের ট্র্যাক রেকর্ড বদলাবে। একদিনের সিরিজ শুরুর হওয়ার আগে সেই জল্পনাই এখন তুঙ্গে। যদিও নেতৃত্ব দিয়ে ভারতরে জয়ের রাস্তায় ফেরানোর ব্যপারে আত্মবিশ্বাসী রোহিত শর্মাও। দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদেই ভারতীয় একদিনের দলের অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে রোহিত শর্মার।

টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারতীয় দলের অধিনায়কত্বের পদে বিরাট রদবদল হয়। প্রথমে টি টোয়েন্টি ফর্ম্যাটের দায়িত্ব পান রোহিত শর্মা। এরপরই শুরু হয়েছিল আরেকটা গুঞ্জন। শোনাযাচ্ছিল বিরাটকে সরিয়ে একদিনের দলের দায়িত্ব উঠতে পারে রোহিতের কাঁধে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে সেই জল্পনাও সত্যি হয়। বিরাট কোহলিকে সরিয়ে তাঁর জায়গায় একদিনের দলের অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সিরিজে খেলতে পারেননি হিটম্যান।

দক্ষিণ আফ্রিকা সফরের আগেই প্রস্তুতিতে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত শর্মা। আর তাতেই প্রোটিয়াদের বিরুদ্ধে গোটা সফর থেকে ছিটকে যান তিনি। সেইসঙ্গে রোহিত শর্মাকে নিয়ে চিন্তাও বেড়েছিল সকলের। রোহিত শর্মা নিজেও দলে ফেরার জন্য মুখিয়ে ছিলেন। এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছিলেন তিনি। সেখানেই রোহিতকে প্রায় পাঁচ থেকে ছ কেজি ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন ফিটনেস ট্রেনাররা। ওজন কমিয়ে এখন রোহিত শর্মা পুরোপুরি ফিট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০০ তম একদিনের ম্যাচে নামবে ভারত। চোট সারিয়ে দলে ফিরে আহমেদাবাদেই একদিনের দলের অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে হিটম্যানের। সেই ম্যাচে ফেরার জন্যই মুখিয়ে রয়েছেন তিনি। হাতে রয়েছে আরমাত্র চারদিন। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছে ভারতীয় দল। সেই পর্ব মিটিয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন হিটম্যান। সোশ্যাল সাইটে সেই বার্তাও দিয়েছেন রোহিত। নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিত লিখেছেন, “নতুন ইনিংস শুরু করার জন্য মুখিয়ে রয়েছি আমি”।

একদিনের ক্রিকেটে ১০০০ তম ম্যাচে নামছে ভারতীয় দল। কিন্তু আহমেদাবাদের পরিসংখ্যান একেবারেই ভারতের পক্ষে নয়। এখনও পর্যন্ত ১৫টি একদিনের ম্যাচ এই মাঠে খেলেছে ভারত। তারমধ্যে মাত্র ৭ বার জিততে পেরেছে ভারতীয় দল। শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাঠে টিম ইন্ডিয়ার পরিসংখ্যান আরও খারাপ।

এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। তারমধ্যে চারবারই  জিতেছে ক্যারিবিয়ান ব্রিগেড। ভারত মাত্র একবার জিততে পেরেছে। ১৯৯৩, ১৯৯৮, ২০০৬ এবং ২০১১ সালে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মাঝে ২০০২ সালে একবার জিততে পেরেছে ভারত। এখনও পর্যন্ত কোনও অধিনায়কই আহমেদাবাদের মাটিতে সেভাবে সাফল্যের মুখ দেখেনি।

এবার ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব রোহিত শর্মার কাঁধে। ১০০০ তম ম্যাচ জেতার পাশাপাশি তাঁর হাত ধরে পরিসংখ্যান বদলায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp