ব্যাটারদের থেকে বড় রানের প্রয়োজন, প্রথম ম্যাচের পর সতীর্থদের বার্তা জেসন হোল্ডারের

Jason Holder
Jason Holder. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

ভারতের বিরুদ্ধে বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে ব্যাটারদের বড় রান পেতে হবে। আহমেদাবাদে প্রথম ম্যাচে হারের পরই ওয়েস্ট ইন্ডিজ অল রাউন্ডার জেসন হোল্ডারের বার্তা তাঁর সতীর্থদের। সিরিজে পিছিয়ে পড়লেও এখনই সিরিজ হাতছাড়া হয়নি। এই একই ভেন্যুতে রয়েছে আরও দুই ম্যাচ। সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ম্যাচেই জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আর সেই লক্ষ্যে দলের ব্যাটারদেরই বিশেষ দায়িত্ব পালন করার বার্তা হোল্ডারের। জিততে হলে বড় রান করতে হব তাদের।

আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বিরুদ্ধে ২০০ রানের গন্ডী পর্যন্ত টপকাতে পারেনি তারা। ১৭৬ রানেই শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস। জেসন হোল্ডার ৫৭ রান না করলে এই রানেও বোধ হয় পৌঁছতে পারত না  ক্যারিবিয়ান শিবির। আর তাই তো ম্যাচ শেষে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকার বার্তা ব্যাটারদের উদ্দেশ্যে।

জেসন হোল্ডার ম্যাচ শেষে জানিয়েছেন, “আমাদের ব্যাটারদের বড় রান পেতে হবে এই উইকেটে। রবিবারের ম্যাচে আমরা তাড়়াহুড়ো করে দ্রুত অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছিলাম। এই মাঠের উইকেটে শুরুতে খেলতে একটু সমস্যা হলেও, পরের দিকে কিন্তু তা ঠিক হয়ে গিয়েছিল। তবে আমাদের হাতে দুটো দিন সময় রয়েছে। ম্যাচে ফেরার ব্যপারে আশাবাদী”।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ব্যাটারদের বড় রান করার বার্তা জেসন হোল্ডারের

ভারতের বিরুদ্ধে নামার আগেই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল ক্যারিবিয়ান অধিনায়ক কায়রণ পোলার্ডের মুখে। একইসঙ্গে শোনা গিয়েছিল ভারতের বিরুদ্ধে এই ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাট করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রথম ম্যাচেই সেই চ্যালেঞ্জে ব্যর্থ হয়েছে তারা। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ক্যারিবিয়ান ব্রিগেডের টপ অর্ডার। যুজবেন্দ্র চাহালের স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি পোলার্ড, নিকোলাস পুরাণরা।

সেই কথা মাথায় রেখেই হোল্ডারের বার্তা, “আমাদের আরও সাবধানে ব্যাট করতে হবে। বিশেষ করে এই পিচে আমাদের টপ অর্ডার ব্যাটরদের আরও বড় ইনিংস খেলতে হবে। আর সেটা পারব বলেই আমি আশাবাদী। হাতে সময় রয়েছে, ম্যাচে ফিরতে পারব আমরা”।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ক্যারিবিয়ান তরুণ ব্রিগেড। ভারতের বিরুদ্ধেও সেই ধারা অব্যহত রাখতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রথম ম্যাচেই ছন্দ পতন। যদিও হাতে রয়েছে এখনও দু ম্যাচ। সেই ম্যাচেই ফের পোলার্ড, নিকোলাস পুরাণদের ব্যাট থেকে বড় রানের ঝলক মেলে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp