বিতর্ক উড়িয়ে কায়রন পোলার্ডের পাশেই দাঁড়ালেন কোচ সিমন্স
আপডেট করা - Jan 29, 2022 6:37 pm

আগামী ৬ ফেব্রুয়ারী ভারতের বিরুদ্ধে আহমেদাবাদে প্রথম একদিনের ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ। হাতে আর সময়ও বেশী নেই। কিন্তু তার আগে হঠাত্ই তুমুল বিতর্ক ক্যারিবিয়ান শিবিরকে ঘিরে। পক্ষপাতের অভিযোগ সহ দলের ভিতরে কোন্দলের অভিযোগ উঠেছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ডের বিরুদ্ধে। গতকালই এই গুজব উড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। অবশেষে মুখ খুললেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। এমন ধরণের কিছুই হয়নি বলেই সাফ জানালেন তিনি।
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলছে ওয়েস্ট ইন্ডিজের। আর তারই তৃতীয় ম্যাচ থেকেই এই বিতর্কের সূত্রপাত। ওডিন স্মিথকে বসিয়ে সেই জায়গায় খেলানো হয়েছিলরভমান পাওয়েলকে। ম্যাচ শেষেই নতুন বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে। শোনাযেতে থাকে ক্যারিবিয়ান ড্রেসিংরুমে নাকি অধিনায়ক কায়রন পোলার্ডের সঙ্গে নাকি সমস্যা রয়েছে ওডিন স্মিথের। তাদের দ্বন্দ্বের জেরেই নাকি এই তারকাকে ম্যাচে না নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড।
শুদু তাই নয় তাঁর বিরুদ্ধে হঠাত্ করেই পক্ষপাতিত্বের অভিযোগও উঠতে শুরু করেছিল। যদিও এই বিতর্ক সামাল দিতে গতকাল থেকেই আসরে নেমে পড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন দলের কোচ ফিল সিমন্স। এই দ্বন্দ্বের খবর যে একেবারে ভিত্তিহীন তা বলতে কোনও দ্বিধা করেননি তিনি। শুধুই তাই নয় পোলার্ডের নাম খারাপ করার জন্যই এমন বিতর্ক ইচ্ছাকৃতভাবে করার চেষ্টা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলে এমন কোনও দ্বন্দ্বই নাকি নেই।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নিজেদের স্টেটমেন্ট জারি করার পরই মুখ খুলেছেন ফিল সিমন্স। তিনি জানিয়েছেন, “আমি যতক্ষণ এখানে রয়েছি এমন কোনও ঘটনাই ঘটেনি বা ঘটবে না। কেমন করে একজন ভালো মানুষ হওয়ার পাশাপাশি একজন ভাল ক্রিকেটার হয়ে ওঠা যায়, এখানে প্রত্যেককে বারবার আমি সেটাই বুঝিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি এখানে কোনওরকম দ্বন্দ্বের শিকার কিংবা পক্ষপাতিত্ব কোনও কিছুই হয়নি”।
সিমন্স আরও জানান, “আমার মনে হয় এই ধরণের বোকাবোকা জিনিস এখনই বন্ধ হওয়া উচিত্। সবসময় দলের ভাল কীসে হবে আমরা সেটাই ভেবে এসেছি। এখানেও ম্যাচের আগে কোন প্রথম একাদশটা সবচেয়ে ভাল খেলবে সেটাই ছিল সকলের কাছে প্রধান। আর সেখানেই মনে হয়েছে এদিনের ম্যাচের জন্য স্মিথের থেকে রভম্যান পাওয়েলই বেশী কার্যকরী হবে”।
কিন্তু এই দল গঠনই এখন যত সমস্যার মূলে। যদিও ক্যারিবিয়ান ব্রিগেড এই বিতর্ক নিয়ে ভাবতে নারাজ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কিন্তু এটাই প্রথম নয়, এক আগেও দলের অন্দরে বহু এমন বিতর্ক দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। মুখে তারা এই বিতর্কের কথা অস্বীকার করলেও, শোনাযাচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগেই নাকি পোলারড এবং সিমন্সের সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কর্তারা। এই বিষয় নিয়েই যে সেখানে আলোচনা হতে চলেছে তা নিয়ে খুব একটা দ্বন্দ্ব নেই।