তামিমের বিধ্বংসী সেঞ্চুরি, সিলেট সানরাইজার্সকে উড়িয়ে বড় জয় মিনিস্টার ঢাকার
আপডেট করা - Jan 28, 2022 10:16 pm

এক ম্যাচে জোড়া শতরান। লিন্ডলে সিমন্সের সেঞ্চুরিকেও ছাপিয়ে গেলেন তামিম ইকবাল। আর সেই তামিম ঝড়েই সিলেট সানরাইজার্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল মিনিস্টার ঢাকা। ৯ উইকেটে সিলেটকে হারাল তারা। আর তাতেই যেন খানিকটা অক্সিজেন পেল ক্রমশ পিছিয়ে পড়া ঢাকা। তিনদিন আগেই দলের ব্যাটিং নিয়ে মুখ খুলেছিলেন তামিম ইকবাল। এদিন তাঁর হাত থেকেই দেখা গেল চার, ছক্কার বন্যা। সেইসঙ্গেই বোধহয় শাপমোচনটাও হয়ে গেল মিনিস্টার ঢাকার।
একের পর এক হার। ক্রমশ পিছিয়ে পড়ছিল ঢাকা। এবার সামনে ছিল সিলেট সানরাইজার্স। প্রতিযোগিতায় ভাল জায়গায় উঠে আসতে গেলে এই ম্যাচ জিততেই হত মিনিস্টার ঢাকাকে। তামিমের ৬৪ বলে ১১১ রানের ঝোরো ইনিংসে সূর্য অস্ত গেল সিলেটের। বড় রান করলেও, তামিমের দাপটে হেলায় ম্যাচ জিতে নিল ঢাকা। ম্যাচের সেরার শিরোপাও ছিনিয়ে নিলেন তিনিই।
টস জিতে এদিন সিলেট সানরাইজার্সকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দেন মিনিস্টার ঢাকা অধিনায়ক। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেনি সিলেট। ওপেনিংয়ে ছিলেন লিন্ডনে সিমন্স। শুরু থেকেই ব্যাট হাতে ছিল তাঁর দাপুটে খেলা। বাকি ব্যাটাররা রান না পেলেও, বড় রান করতে খুব একটা অসুবিধা হয়নি সিলেট সানরাইজার্সের। হবে নাই বা কেন শুরু থেকেই তো বিধ্বংসী মেজাজে ছিলেন ক্যারিবিয়ান তারকা। তিনি একাই করেন ১১৬ রান।
৬৫ বলের ঝোরো ব্যাটিংয়ে একাই মারেন ১৪টি বাউন্ডারি। ওভার বাউন্ডারি মারেন ৫টি। তাঁর ভয়ঙ্কর ব্যাটিংয়ে ভর করেই ২০ ওভারে ১৭৫ রান করে সিলেট সানরাইজার্স। তিনি শেষপর্যন্ত থাকতে পারলে রান হয়ত ২০০ রানের গন্ডীও টপকে যেতে পারত। যদিও শেষপর্যন্ত তা হয়নি। তাঁকে সাজঘরে ফেরান আন্দ্রে রাসেল।
সিমন্সের দাপুটে খেলা। জবাবে তখন সকলেই তাকিয়ে রয়েছেন আন্দ্রে রাসেলের। কিন্তু এদিন মাঠে সেই আন্দ্রে রাসেলকে নামতেই হয়নি। সিলেট সাইরাজার্স শিবিরের সকলে এদিন মাঠে দেখল তামিমের তান্ডব। বেশ কয়েকদিন ধরে দলটা রান পাচ্ছিল না। এদিনও তাদেরকে ধারেভারে অনেকে পিছিয়েই রেখেছিল। কিন্তু তামিমের দুর্ধর্ষ পারফরম্যান্সে সকলেই মুগ্ধ।
মাঠে নামার পর থেকেই তামিম ঝড় ওঠে এদিন। তাসকিন আহমেদ, শোহাগ, রবি বোপারার মতো তারকা বোলাররা থাকলেও, তামিম ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে এদিন। মাত্র ৬৪ বলেই এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিটা করলেন তামিম ইকবাল। সেইসঙ্গে দলকে জিতিয়ে মাঠও ছাড়লেন তিনি। তাঁর গোটা ইনিংসটি সাজানো ১৭টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে। সঙ্গে যোগ্য সঙ্গত মহম্মদ শাহজাদের। তিনি ফেরেন ৫৩ রানে। শেষপর্যন্ত মাঠে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ১৭ ওভারেই মিনিসটার ঢাকাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।