চার্টার্ড বিমান নয়, আহমেদাবাদে সাধারণ বিমানেই যেতে হতে পারে ভারতীয় ক্রিকেটারদের
আপডেট করা - Jan 28, 2022 5:33 pm

শুনতে অবাক লাগলেও এটাই হচ্ছে। করোনা পরিস্থিতিতে প্রথমবার চার্টার্ড ফ্লাইটে যাত্রা করবেন না টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। আপাতত তাদেরকে নিজেদের মতোই আহমেদাবাদে আসার কথা জানানো হয়েছে। যদিও বোর্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু চার্টার্ড বিমান পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর সেজন্যই নি্জেদের মতোই আসতে হবে তাদের। তবে করোনা বিধি-নিষেধ মেনেই যেন তারা আসতে পারে সেই ব্যপারটা দেখছেন বোর্ড কর্তারাই। আর এমন ঘটনায় খানিকটা হলেও হতবাক অনেকে।
ঘরের মাঠে ৬ ফেব্রুয়ারী নতুন বছরে প্রথমবার মাঠে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন দ্য হিটম্যান। একদিনের দলের অধিনায়ক হিসাবে এই ম্যাচেই অভিষেক হবে তাঁর। সেই প্রস্তুতিতেই সকলে ব্যস্ত। করোনার কারণে ইতিমধ্যেই ১ ফেব্রুয়ারীর মধ্যে ভারতীয় দলে ডাক পাওয়া ১৮ জন ক্রিকেটারকেই আহমেদাবাদ পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে।
করোনা পরবর্তী পর্যায়ে ২০২০ সালের শেষের দিক থেকেই ফের মাঠে ফিরেছে ক্রিকেট। তবে বহু নিয়ম, বিধি-নিষেধ মেনেই খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এসেছে বায়োবাবল। যেকোনও প্রতিযোগিতাতেই বায়োবাবলে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। বদলে গিয়েছে অনেক কিছুই। আর সেইসঙ্গেই ক্রিকেটারদের যাতায়াতের সঙ্গী হয়ে উঠেছে চার্টার্ড বিমান। অন্যান্যদের থেকে সংস্পর্ষ এড়াতেই চার্টার্ড বিমানে ক্রিকেটারদের যাতায়াতের ব্যবস্থা দেখা গিয়েছে।
শেষবার দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতীয় ক্রিকেটাররা চার্টার্ড বিমানে করে যাত্রা করেছিলেন। করোনা পরিস্থিতিতে প্রথমবার বদলাতে চলেছে সেই পরিস্থিতি। আসন্ন ওযেস্ট ইন্ডিজ সিরিজের জন্য আহমেদাবাদগে পৌঁছনোর জন্য কোনওরকম চার্টার্ড বিমান পাচ্ছেন না ক্রিকেটাররা। তবে অন্য কোনও কারণ নয়, বোর্ডই নাকি এখনও পর্যন্ত ,সেই ব্যবস্থা করে উঠতে পারেনি। আর সেই জন্যই রোহিত থেকে বিরাট সকলকে নিজেদের মতো সেখানে উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছে।
বোর্ড সূত্র মারফত জানা গিয়েছে তারা নাকি এবারও ইউকে সফরের মতো চার্টার্ড বিমানের ব্যবস্থা করতে চেয়েছিল। কিন্তু পরিস্থিতির চাপে তা নাকি করে উঠতে পারেননি। যদিও চেষ্টা চালানো হচ্ছে তাদের তরফে, কিন্তু তা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। মূলত ম্যাচে নামার আগে অন্যান্যদের সংস্পর্ষ থেকে এড়ানোর জন্যই এমনটা করতে চায় বোর্ড। কিন্তু এবার তা সম্ভব হচ্ছে না।
আর এতেই খানিকটা হলেও চিন্তা বাড়ছে। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা আলাদাভাবে বিমানে গেলেও, কতটা সংস্পর্ষ এড়াতে পারবেন তারা। আহমেদাবাদ পৌঁছনোর পর তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু তার আগে কমার্শিয়াল বিমানে তারা যাত্রা করলে, খানিকটা হলেও ঝুঁকি বাড়ছে। ম্যাচের আগে ক্রিকেটাররা করোনা আক্রান্ত হয়ে পড়বেন না তো, এই প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে।
যদিও এই ব্যপারে এখনই কেউ কোনও মন্তব্য করতে চাননি। আগামী ৬ ফেব্রুয়ারী থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ২ ফেব্রুয়ারী ভারতে পৌঁছবে ক্যারিবিয়ান ব্রিগেড। তাদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতির সময়ও খুব একটা বেশীদিন পাবেনা ভারতীয় দল।