রোহিত শর্মা ফিট, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অশ্বিন, ভুবনেশ্বরকে নিয়েই ভাবনা নির্বাচকদের
আপডেট করা - Jan 27, 2022 5:50 pm

শুধুই সরকারীভাবে ঘোষণার অপেক্ষা। চোট সারিয়ে পুরোপুরি সুস্থ রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে তাঁর ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে মুম্বইয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন দ্য হিটম্যান। দু-একদিনের মধ্যেই বেঙ্গালুরুতে এনসিএ-তে বাকি ক্রিকেটাদের সঙ্গে যোগ দেবেন তিনি। আর এই খবরেই এখন খানিকটা হলেও স্বস্তিতে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়নি ঠিকই। ঘরের মাঠে ভারতের ১০০০ তম একদিনের ম্যাচেই দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বিরাট কোহলিকে সরিয়ে ভারতীয় একদিনের দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার কাঁধে। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি দ্য হিটম্যানের। অধিনায়ক হিসাবে প্রথম সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতিতেও নেমে পড়েছিলেন তিনি। আর সেখানেই হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত শর্মা। এর ফলে প্রথমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত। একদিনে সিরিজে তাঁর জন্য অপেক্ষা করা হলেও, শেষপর্যন্ত পুরোপুরি ফিট না হওয়াতে তাঁকে ছাড়াই একদিনের দল ঘোষণা করা হয়।
জল্পনাটা সেই থেকেই শুরু হয়েছিল। কবে ফের ভারতীয় দলের জার্সিতে ফিরবেন রোহিত এবং অধিনায়ক হিসাবেই বা কবে তাঁর অভিষেক হবে। সরকারীভাবে এখনও ঘোষণা না হলেও, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা। বিসিসিআই সূত্র মারফত্ সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে, “রোহিত এখন পুরোপুরি সুস্থ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তাঁকে পাওয়া যাবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে হাতে এখনও বেশ কিছু সময় রয়েছে, তারমধ্যে রোহিতের বাকি রিহ্যাব সেশনটাও ঠিক হয়ে যাবে”।
শোনাযাচ্ছে ইতিমধ্যে মুম্বইয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। দলে ফিরতে মরিয়া তিনিও। কয়েকদিনের মধ্যেই বেঙ্গালুরুতে এনসিএ-তে যোগ দেবেন রোহিত শর্মা। সেখানে শেষ ফিটনেস টেস্ট হবে হিটম্যানের। শোনাযাচ্ছে এনসিএ-র তরফে গ্রীন সিগন্যালই পেতে চলেছেন রোহিত শর্মা। আর সেটুকু সময়েরই অপেক্ষা। এরপর এই সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকর। রোহিত শর্মা ফেরার খবরে যেমন স্বস্তি ফিরেছে, তেমনই আবার দল গঠন নিয়ে খানিকটা চিন্তাতেই রয়েছেন নির্বাচকরা।
শোনাযাচ্ছে এই সিরিজে দক্ষিণ আফ্রিকা সফরের বেশ কিছু ক্রিকেটার দল থেকে বাদ যেতে পারেন। যাদের মধ্যে সবচেয়ে বেশী নাম ঘোরাফেরা করছে ভুবনেশ্বর কুমার এবং রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকা সফরে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার সুযোগ পেলেও, নিজেদের তেমনভাবে প্রমান করতে পারেননি। ঘরের মাঠে এবার সিরিজ। সেখানে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে।
এখন শুধুই সপ্তাহের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণার অপেক্ষায় সকলে।