সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে ভারতের প্রথম একাদশ বাছলেন আকাশ চোপড়া

ছন্দে না থাকা ভুবনেশ্বর কুমারকে দলে রেখেছেন তিনি

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ১৯শে জানুয়ারি (বুধবার) পার্লের বোল্যান্ড পার্কে। টেস্ট সিরিজ ১-২ ব্যবধানে হেরে যাওয়ায়, সফরকারী দল এই সিরিজটি জিতে দেশে ফিরে যেতে চায়বে। প্রায় ছয় মাস পর ওয়ানডে খেলতে নামা ভারতীয় দল কোন একাদশ নিয়ে নামে এখন সেটাই দেখার। 

রোহিত শর্মা, মহম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়ার মতো অনেকেই ওয়ানডে সিরিজের অংশ না হওয়ায় বেশ কিছু খেলোয়াড়ের সামনে সুযোগ রয়েছে সেই শূণ্যতা পূরণ করার। কম্বিনেশন চূড়ান্ত করতে টিম ম্যানেজমেন্টকে কিছু চিন্তাভাবনা করতে হবে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া উদ্বোধনী ম্যাচের জন্য তাঁর পছন্দের ভারতীয় একাদশ বেছে নিয়েছেন। ক্রিকেটার থেকে ধারাভাষ্যকারে পরিণত হওয়া আকাশের মতে বিশেষজ্ঞ ব্যাটারের সংখ্যা নির্ধারণের সময় ভারত দ্বিধায় পড়বে।

“ব্যাটিং অর্ডারে সমস্যা আছে। পাঁচ না ছয় ব্যাটার খেলানো উচিত সেই নিয়ে সমস্যা আর যাচ্ছে না। রাহুল প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তারা ভেঙ্কটেশ আইয়ারকে ষষ্ঠ বোলার হিসাবে খেলাতে চান। তার মানে তাঁকে ৬ নম্বরে ব্যাট করতে হবে,” চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন। 

একাদশে দুজন বিশেষজ্ঞ স্পিনার দেখতে চান আকাশ চোপড়া

ভেঙ্কটেশ খেলবেন বিবেচনা করে, চোপড়া সূর্যকুমার যাদবকে লাইন আপ থেকে বাদ দিয়েছেন। “যদি ভেঙ্কটেশ ৬ নম্বরে ব্যাট করে, তা হলে কিছু ব্যাটারকে বাদ যেতে হবে। সূর্যকুমার যাদব এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে একজনই খেলতে পারবেন। শিখর ধাওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি, আমি মনে করি ৪ নম্বরে শ্রেয়াস আইয়ার, ৫ নম্বরে পান্ত এবং ৬ নম্বরে ভেঙ্কটেশ আইয়ার থাকবেন,” তিনি যোগ করেছেন। 

বোলিং লাইন আপ সম্পর্কে বলতে গিয়ে চোপড়া জানিয়েছেন যে তিনি চান ভারত একাদশে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল উভয়কেই খেলাক। ফাস্ট বোলারদের মধ্যে, তিনি শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে দেখতে চান। 

“আপনি পাঁচ বোলার খেলতে চান। আমি মনে করি আপনার উভয় স্পিনারদের খেলা উচিত, অশ্বিন এবং চাহাল উভয়কেই খেলানো উচিত, তাহলে আপনি একটি বৈচিত্র্যময় আক্রমণ পাবেন। আপনি যদি ভেঙ্কটেশ আইয়ারের সাথে চারজন ফাস্ট বোলার খেলান, তবে আক্রমণটি খুব এক-মাত্রিক হয়ে যাবে,” তিনি যুক্তি দিয়েছেন।

প্রথম ওডিআইয়ের জন্য আকাশ চোপড়ার ভারতের একাদশ: শিখর ধাওয়ান, কেএল রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল। 

close whatsapp