পিটারসনের খেলা শাস্ত্রীকে গুন্ডাপ্পা বিশ্বনাথের কথাই মনে করাচ্ছে
আপডেট করা - Jan 15, 2022 4:10 pm

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস তৈরি করতে পারেনি ভারত। সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচ জিতলেও, সিরিজ হাতছাড়াই হয়েছে ভারতের। বছরের শুরুটে দুরন্ত সাফল্য প্রোটিয়া শিবিরে। আর সেই মঞ্চ থেকেই ক্রিকেট বিশ্ব পেয়েছে তার নতুন তারকাকে। যার নাম কিগান পিটারসন। গোটা ক্রিকেট বিশ্ব এখন পিটারসনের প্রশংসায় পঞ্চমুখ। আর এই তারকার মধ্যেই প্রাক্তন তারকা ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথকে খুঁজে পাচ্ছেন রবি শাস্ত্রী। সিরিজ শেষে পিটারসনের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। টুইট করে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন এই তরুণ ক্রিকেটারকে।
ভারতের অভিজ্ঞ ক্রিকেট দল। ঘরের মাঠে সিরিজ হলেও বিরাট কোহলিদের বিরুদ্ধে আন্ডারডগ তকমা নিয়েই মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের দেশের প্রাক্তন তারকারাও এই দলকে ভারতের বিরুদ্ধে ফেভারিট মানতে নারাজ ছিলেন। তরুণ অধিনায়ক, সেইসঙ্গে দলে একগুচ্ছ তরুণ ক্রিকেটারও। যাদের মধ্যেই একজন ছিলেন কিগান পিটারসন। সিরিজের আগে পর্যন্ত বিশ্ব ক্রিকেটে যাঁকে সেভাবে কেউই চিনত না। কিন্তু ভারতকে হারানোর পর সেই পিটারসনের গায়েই তারকার তকমা।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের পরই জোহানেসবার্গ থেকে ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। আর সেই থেকেই ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখানো শুরু কিগান পিটারসনেরও। গোটা সিরিজে তিনটি অর্ধশতরান। কেপটাউন টেস্টেও দক্ষিণ আফ্রিকাকে জেতানোর প্রধান কারিগড় তিনি। পরপর দু ইনিংসেই অর্ধতরান পেয়েছেন পিটারসন। আর তাতেই ভারতকে হারাতে পেরেছে প্রোটিয়ারা। সেই কিগান পিটারসনকে দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
পিটারসনের খেলা দেখে ছোট বেলায় দেখা বিশ্বনাথের খেলাই মনে পড়ছে, জানান শাস্ত্রী
ম্যাচ শেষের পরই পিটারসনকে নিয়ে তিনি টুইট করে লেখেন, “তুমি দুর্র্ধর্ষ ক্রিকেটার কিগান পিটারসন। তোমার খেলা দেখে আমি আপ্লুত। ছোটবেলা থেকে যে কিংবদন্তী গুন্ডাপ্পা বিশ্বনাথের খেলা দেখে বড় হয়েছি, পিটারসনের মধ্যে তাঁরই ছাপ দেখতে পাচ্ছি”।
ভারতের বিরুদ্ধে গোটা সিরিজে ছটি ইনিংসে রয়েছে ৩টি অর্ধশতরান। তিন ম্যাচ মিলিয়ে এই ২৮ বছর বয়সী পিটারসনের ঝুলিতে রয়েছে ২৭৬ রান। শেষ ম্যাচে পরপর দু ইনিংসে অর্ধশতরান করে ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি সিরিজেরও সেরা ক্রিকেটার হয়েছেন কিগান পিটারসন। তাঁর প্রশংসা শোনা গিয়েছে দুই দেশেরই প্রারক্তন তারকাদের মুখে।
শাস্ত্রী তো আরও এগিয়ে, তাঁর মদ্যে বিশ্বনাথের ছাপই দেখতে পাচ্ছেন তিনি। ভারতীয় দলের হয়ে ৯৫টি টেস্ট খেলেছেন গুন্ডাপ্পা বিশ্বনাখ। কব্জির শট এবং দুর্ধর্ষ কভার ড্রাইভের জন্য গোটা বিশ্বের কাছে বারবার বন্দিত হয়েছেন বিশ্বনাথ। ২৮ বর্ষীয় কিগান পিটারসনের খেলার মধ্যেও সেই সমস্ত দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে। ভারতের বিরুদ্ধে তাঁর বেশকিছু স্টান্ট শাস্ত্রীকে গুন্ডাপ্পা বিশ্বনাথকেই মনে করিয়ে দিয়েছে। সেইসঙ্গে কেভিন পিটারসনেরও উত্তরসূরী হিসাবে কিগানকে মনে করছেন শাস্ত্রী।
ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের নায়ক তিনি। এই তরুণ তারকা নিজের ফর্ম ধরে রাখতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।