“বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো ২-৩ জন নতুন খেলোয়াড় পাব” – বিপিএল নিয়ে আশাবাদী শাকিব আল হাসান

নিজের দল ফরচুন বরিশালকে আলাদা করে এগিয়ে রাখছেন না শাকিব

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo by Md Manik/SOPA Images/LightRocket via Getty Images)

ফ্র্যাঞ্চাইজি লিগ বেশ কিছু দেশের জাতীয় ক্রিকেট দলের প্রভূত পরিবর্তন ঘটিয়েছে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট থেকে এতো পেসার উঠে আসে, তবে পাকিস্তান সুপার লিগ না থাকলে হয়তো শাহনওয়াজ দাহানির মতো পেসার উঠে আসতেন না। প্রায় সব দেশই নতুন খেলোয়াড় পেয়েছে তাদের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে। অবশ্য অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে বিপিএল এক্ষেত্রে একটু পিছিয়েই আছে এখনও। তবে শাকিব আল হাসান আশাবাদী বাংলাদেশ প্রিমিয়া লিগের অষ্টম সংস্করণে সেই পরিস্থিতি বদলাবে।

এই সংস্করণে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একাদশে বিদেশী ক্রিকেটার খেলাতে পারবে সর্বোচ্চ ৩ জন। ফলে অবশিষ্ট ৮টি স্থানের জন্য তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে। এই বিষয়টিকে দেশী ক্রিকেটারদের জন্য একটি খুব বড় সুযোগ বলে মনে করছেন শাকিব আল হাসান।

ব্যক্তিগতভাবে মনে করি আমরা খুব ভারসাম্যপূর্ণ একটি দল: শাকিব আল হাসান

তিনি বলেছেন, “দেশী ক্রিকেটারদের জন্য এটা বড় একটা সুযোগ। বিপিএলের মতো বড় একটা মঞ্চে নিজেদের মেলে ধরতে পারবে। নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করে জাতীয় দলে আসতে পারবে। আমি বিশ্বাস করি এখান থেকে আমরা ২ বা ৩ জন নতুন খেলোয়াড় পাব যারা অন্তত টি-টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে।”

ফরচুন বরিশালের জার্সি উন্মোচনের অনুষ্ঠানে শাকিব নিজের দল নিয়ে আশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “দেশী ও বিদেশীদের মধ্যে তুলনা করতে চাই না বা কার গুরুত্ব বেশী কার গুরুত্ব কম সেই নিয়ে আলোচনা করতে চাই না। মাঠে ১১ জন খেলবে, তার সাথে বাইরে ডাগআউটে যারা থাকবে তারা সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি তা হলে ভালো ফলাফল পাওয়া সম্ভব। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা খুব ভারসাম্যপূর্ণ একটি দল। খেলা শুরু হলে দলে কিছু কিছু ঘাটতি দেখা দিতে পারে, যেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব।”

ফরচুন বরিশাল এবার খুব শক্তিশালী দল গড়েছে। শাকিবের মতো জাতীয় তারকার পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটের দুই বর্ষীয়ান ক্রিকেটার ক্রিস গেইল ও ডোয়েন ব্রাভোও আছেন। তা সত্ত্বেও শাকিব নিজের দলকে আলাদা করে এগিয়ে রাখছেন না। তিনি বলেছেন, “যে ছয়টা দল প্রতিদ্বন্দ্বিতা করবে তারা সবাই চাইবে চ্যাম্পিয়ন হতে। সব দলই ভালো এবং ভারসাম্য আছে। দিনের শেষে মাঠে কে ভালো পারফর্ম করছে তার উপর নির্ভর করছে সব কিছু। চেষ্টা থাকবে মাঠে যেন আমরা ভালো পারফর্ম করতে পারি।”

close whatsapp