“অনেক অনিশ্চয়তা আছে”, ধোনির এই মন্তব্যের ভিত্তিতে গ্রেম সোয়ান জানালেন ধোনি ছাড়া সিএসকে আগের মতো থাকবে না
সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করতে চান ধোনি
আপডেট করা - Oct 7, 2021 2:48 pm

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে টসে ড্যানি মরিসন যখন মহেন্দ্র সিং ধোনিকে তাঁর ভবিষ্যত সম্বন্ধে জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন চেন্নাইয়ের সাথে জড়িত থাকার ব্যাপারে আশাবাদী থাকলেও বেশ কিছু ব্যাপার নিয়ে তিনি নিশ্চিত নন। আইপিএলে দুটি নতুন দল সংযোজিত হতে চলেছে। সেই দুটি দলের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ পরবর্তী নিলামের ব্যাপারে কিছু বলবে না। এখনো সেই মেগা নিলামের ব্যাপারে কিছু ঘোষিত হয়নি বলে হয়তো ধোনি মুখ ফুটে তাঁর ভবিষ্যত সম্পর্কে কিছু বললেন না।
টসের পর তিনি বলেন, “পরের বছর অবশ্যই হলুদ জার্সিতেই দেখবেন। কিন্তু পরের বছর সিএসকের হয়ে খেলতে দেখবেন কি না সেটা এখনই বলা যাচ্ছে না। যেহেতু নতুন দুটি দল সংযোজিত হতে চলেছে তাই অনেক কিছুর ব্যাপারে ধোঁয়াশা রয়েছে।”
এরপর তিনি সংযোজন করেন, “রিটেনশন পলিসি কেমন হতে চলেছে তা এখনো আমরা জানি না। জানি না কতজন বিদেশি বা ভারতীয়কে ধরে রাখার অনুমতি থাকবে। প্রত্যেক দলের কাছে কত টাকা থাকবে নিলামের জন্য তাও জানি না। এরকম অনেক অনিশ্চয়তা আছে। যতক্ষণ না সেসব ব্যাপারে ধোঁয়াশা ততদিন কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। তাই এখন অপেক্ষা করে থাকতে হবে, এবং আশা করা যায় যে সিদ্ধান্তই নেওয়া হোক তাতে যেন সবার ভালোই হয়।” উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯-এ অবসর নেওয়া ধোনি সম্প্রতি জানিয়েছেন তিনি তাঁর শেষ ম্যাচ চেন্নাইয়ের মাঠে খেলতে চান।
ধোনির এই বক্তব্যের সূত্র ধরেই প্রাক্তন ইংল্যান্ড স্পিনার গ্রেম সোয়ান ও প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগারকর প্রতিক্রিয়া জানিয়েছেন। এই বয়সে এসেও যে ধোনি খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী সেই নিয়ে তাঁরা ধোনির প্রশংসা করেছেন। স্টার স্পোর্টসকে আগারকর বলেছেন, “ধোনি তো বলেই দিয়েছে চেন্নাইয়ে শেষ ম্যাচ খেলবে। আইপিএলের জন্যও বিষয়টা গুরুত্বপূর্ণ। ক্রিকেটার হিসেবে ও সব সময় উন্নতি করতে চায়। কিন্তু সবই নির্ভর কড়ছে রিটেনশন পলিসির উপর। সিএসকের জন্য এটা একটা ভালো দিক যে ধোনি এখনো খেলতে ইচ্ছুক।”
ধোনি ছাড়া সিএসকে সেই সিএসকে নয়
সোয়ান এই প্রসঙ্গে বলেন, “আমি কিন্তু ধোনিকে ধরে রাখার পক্ষপাতী। সিএসকের কাছে ধোনি কেবলমাত্র একজন ক্রিকেটার নয়। ধোনি ছাড়া সিএসকে আগের সিএসকে থাকবে না।”
পরের মাসে আইপিএলের নতুন দুই দলের নাম ঘোষিত হবে। তারপরেই জানা যাবে নিলামের জন্য কোন নিয়ম-নীতি নির্ধারিত হচ্ছে।