নিউল্যান্ডসে হারের পর ব্যাটিং পারফরম্যান্সের দিকেই নজর দেওয়ার কথা বিরাটের মুখে

Virat Kohli
Virat Kohli. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

চেতেশ্বর পুজারা এহং অজিঙ্ক রাহানেকে নিয়ে কোনও কথা বলতে চাননা তিনি। প্রশ্ন এলেও তা এড়িয়ে যান। তবে এই সিরিজের পর যে দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা হবে, ম্যাচ শেষে সেই জানিয়ে দিতে ভুললেন না বিরাট কোহলি। এই মুহূর্তে ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স যে একেবারেই ভাল হচ্ছে না তাও স্বীকার করে নিতে কোনও দ্বিধা করেননি ভারত অধিনায়ক। আসন্ন সিরিজের আগে এই সমস্যা মেটানোই এখন প্রধান লক্ষ্য কোহলিদের সামনে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম ইনিংস বাদ দিলে বাকি পাঁচ ইনিংসে একবারও তিনশো রানের গন্ডী টপকাতে পারেনি ভারত। আর তার জেরেই যে প্রোটিয়াদের কাছে শোচনীয় হার, তা বলাই বাহুল্য। জোহানেসবার্গ থেকে কেপটাউন, বারবার একই ব্যাটিং ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে ভারতীয় শিবিরে। যা নিয়ে ক্রমশই সমালোচনার সুর চড়িয়েছেন প্রাক্তন তারকারাও।

এবার বিরাট কোহলির মুখেও সেই সমস্যা সমাধানের কথা। ম্যাচ শেষে বিরাট কোহলি জানান, “ব্যাটিংয়ের দিকেই সবচেয়ে বেশী নজর দিতে হবে আমাদের। সেদিক থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না। বারেবারে ওই এক জায়গাতেই ভেঙে পড়ছি আমরা। ব্যাটিংয়ের এই সমস্যা সমাধান করে কেমনভাবে এগিয়ে যাওয়া যায়, তা নিয়েই এবার আলোচনার সময় এসেছে। ব্যাটিংয়ের দিকেই বাড়তি নজর দিতে হবে আমাদের”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  দ্বিতীয় টেস্ট থেকে তৃতীয় টেস্ট, ভারতীয় দলের ব্যাটাররা রাবাডা, এনগিডি এবং জ্যানসেনদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। কেপটাউনে প্রথম ইনিংসে ভারতীয় শিবির থেকে একমাত্র ৭৯ রান করেছিলেন বিরাট কোহলি। আর দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের ১০০ রান বাদ দিলে কারোর নামই নেওয়ার মতো নেই। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার, কোনও ব্যাটারই নিজেদের দায়িত্ব পালন করতে পারেননি।

কেপটাউনে দ্বিতীয় ইনিংসে ২০০ রানের লিড টপকাতে পারলেও, ভারতের রান কিন্তু ২০০ রান ছুঁতে পারেনি। ১৯৮ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। যা দেখে চিন্তা বাড়াটাই স্বাভাবিক। সিরিজ চলাকালীন দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে বারবারই রাহুল দ্রাবিডের চিন্তিত হওয়ার কথা শোনা গিয়েছিল। ভারতীয় দলের আসল গলদটাও যে সেখানেই, এবার বিরাটের কথাতেও তা স্পষ্ট।

সিরিজের শুরু থেকেই দলের মিডল অর্ডার ব্যাটাররা ছিলেন সকলের নজরে। কোহলিকে বাদ দিলে এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটররা হলেন পুজারা এবং রাহানে। কিন্তু তারাও চুড়ান্ত ব্যর্থ। শুধু এই সিরিজেই নয়, গত সিরিজেও তাই। তাদের নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। খারাপ ব্যাটিং পারফরম্যান্সের মধ্যে তারাও পড়েন। যদিও বিরাট সেই ব্যপারে মুখ খুলতে নারাজ।

রাহানে, পুজারা প্রসঙ্গ উঠলেই তিনি জানান, “এ নিয়ে আমি কিছুই বলব না। দল নিয়ে যা বলবেন নির্বাচকরা। তারা কিছু একটা চিন্তা করেই দল গঠন করেছেন। রাহানে, পুজারাদের নিয়ে তাদের যদি কোনও সিদ্ধান্ত নিতে হয় সেটাও নির্বাচকরাই নেবেন”। সরাসরি হয়ত বললেন না, কিন্টু ব্যাটিংয়ের দিকে নজর দেওয়ার কথার মধ্যেই কিন্তু বিরাট অনেক ইঙ্গিত দিয়ে গিলেন।

 

close whatsapp