“তাতেই বোঝা যায় ওরা চাপ অনুভব করছিল” – ডিআরএসের পর কোহলির প্রতিক্রিয়া প্রসঙ্গে লুঙ্গি ঙ্গিডি
ডিআরএস সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে যাওয়ায় কোহলিকে দৃশ্যত ক্ষুব্ধ দেখাচ্ছিল
আপডেট করা - Jan 14, 2022 10:49 am

ডিআরএস বিতর্কে এবার নতুন করে ঘি ঢাললেন দক্ষিণ আফ্রিকার বোলার লুঙ্গি ঙ্গিডি। তিনি মনে করেন যে ডিন এলগারের নেওয়া ডিআরএস সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে যাওয়ার ফলে বিরাট কোহলি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে বোঝা যায় কেপ টাউন টেস্টে ভারত চাপে পড়ে গেছে। প্রোটিয়াদের রান তাড়া করার ২১তম ওভারে, মাঠের আম্পায়ার মারেই ইরাসমাস এলগারকে রবি অশ্বিনের বলে এলবিডব্লিউ আউট দেন, কিন্তু বাঁ-হাতি ব্যাটার সঙ্গে সঙ্গে ডিআরএস নেন।
রিপ্লেতে দেখা গেছে যে বলটি এলগারের হাঁটুর নিচে আঘাত করা সত্ত্বেও বল স্টাম্পের উপর দিয়ে চলে গেছে। ওপেনিং ব্যাটার ডিআরএস নেওয়ার পরে নিজেও খুব একটা আশ্বস্ত ছিলেন না নট আউট থাকার ব্যাপারে, তবে বড় পর্দায় রিপ্লে দেখানোর পরে নিজেও হতবাক হয়ে গিয়েছিলেন। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পর কোহলি নিজের ক্ষোভ লুকিয়ে রাখেননি।
ভারতীয় অধিনায়ক স্টাম্প মাইকের কাছে গিয়ে পরামর্শ দিয়েছিলেন যে সিরিজটির সম্প্রচারক সুপারস্পোর্ট কোনওভাবে বল ট্র্যাকিং পদ্ধতিতে কারচুপি করেছে। “আপনার দলের উপর ফোকাস করুন যখন তারা বল চকচকে করে। শুধু বিরোধী দল নয়। সব সময় কাউকে ধরার চেষ্টা করে যাচ্ছে,” স্টাম্প মাইকের কাছে গিয়ে কোহলি বলেছিলেন।
লুঙ্গি ঙ্গিডি বলেছেন, আমরা দেখতেই পাচ্ছিলাম পরিস্থিতি উত্তপ্ত ছিল
নয় ওভার পরে দিনের শেষ ওভারে জসপ্রীত বুমরাহ এলগারকে ফেরত পাঠান। এলগার ৯৬ বলে তিনটি চারের সাহায্যে ৩০ রান করেছিলেন। এই সময়েও ভারত ডিআরএস ব্যবহার করে এবং এইবার সিদ্ধান্ত তাদের পক্ষে আসে, এলগারকে আউট হন। ইতিমধ্যে ঙ্গিডি বলেছেন যে কোহলির প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে সফরকারী দল চাপের মধ্যে রয়েছে।
“ওইরকম প্রতিক্রিয়া দেখে বোঝা যায় হতাশা বেরিয়ে আসছে এবং কখনও কখনও অন্য দল সেটিকে কাজে লাগায়। আপনি কখনওই এত আবেগ দেখাতে চায়বেন না, কিন্তু আমরা দেখতেই পাচ্ছিলাম পরিস্থিতি উত্তপ্ত ছিল। তাতেই বোঝা যায় ওরা চাপ অনুভব করছিল,” ঙ্গিডি বলেছেন।
“এটি আমাদের জন্য একটি ভালো জুটি [দ্বিতীয় উইকেটে এলগার এবং কিগান পিটারসেনের মধ্যে] ছিল এবং তারা সত্যিই এটি ভাঙতে চেয়েছিল। সেই কারণেই এমন আচরণ প্রকাশ্যে বেরিয়ে এসেছে। প্রত্যেকে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায় এবং আমরা সেখানে যা দেখলাম তা হল তারা সেই সময় চাপ অনুভব করছিল,” তিনি যোগ করেছেন।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পরিবর্তে বোলিং কোচ পারস মামব্রে আসেন। কোহলির বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন কোচ।
“আমরা দেখেছি, আপনিও দেখেছেন। আমি এটা ম্যাচ রেফারির উপর ছেড়ে দেব, তিনিই যা করার করবেন। আমি এখন এটা সম্পর্কে মন্তব্য করার জায়গায় নেই। যা হয়েছে আমরা সবাই দেখেছি, এখন খেলাটি নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত,” মামব্রে বলেছেন।