প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের দলে সিরাজের স্ট্যান্ডবাই নভদীপ, সুযোগ পেলেন জয়ন্ত যাদবও

Jayant Yadav and Navdeep Saini
Jayant yadav and Navdeep Saini (PHOTO BY-Getty Images)

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত পা রাখে নি ভারতীয় একদিনের দলের সদস্যরা। বুধবার রওনা দিয়েছেন শিখর ধওয়ান, যুযবেন্দ্র চাহালরা। তারইমধ্যে দলের নতুন দুই সদস্যকে ঠিক করে ফেলল বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দলে এলেন জয়ন্ত যাদব ও নভদীপ সাইনি। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে এলেন জয়ন্ত যাদব। অন্যদিকে চোটের জন্য এখনও পুরোপুরি ফিট নন মহম্মদ সিরাজ। তাঁর জায়গাতেই স্ট্যান্ডবাই বোলার হিসাবে দলে নেওয়া হল নভদীপ সাইনিকে।

আদামী ১৯ জানুয়ারি পার্লের বোলান্ড পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামার কথা ভারতের। সেইমতো গত ডিসেম্বরেই দল বেছে নিয়েছিলেন নির্বাচকরা। চোটের জন্য রোহিত শর্মা আগেই ছিটকে গিয়েছিলেন। তাঁর জায়গায় অধিনায়ক হিসাবে লোকেশ রাহুলকে বেছে নিয়েছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রস্তুতি ঘরের মাঠেই শুরু করে দিয়েছিলেন ভারতীয় দলের তারকারা।

কিন্তু দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রার একদিন আগেই দুঃসংবাদটা আসে ভারতীয় শিবিরে। করোনায় আক্রান্ত হন দলের অন্যতম সদস্য ওয়াশিংটন সুন্দর। মুম্বইতেই টিম হোটেলে আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। চোট কাটিয়ে দশ মাস পর ভারতীয় দলে ফিরেছিলেন তামিলনাড়ুর এই তারকা ক্রিকেটার। কিন্তু করোনার হানায় সব আশা শেষ। ভারতের একদিনের দল থেকে ছিটকে যান তিনি।

এরপরই শুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা। ওয়াশিংটন সুন্দরের জায়গায় কে খেলবেন। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলার হিসাবেও বেশ দক্ষ তিনি। যদিও তাঁর জায়গায় নতুন ক্রিকেটার বাছতে খুব একটা সময় লাগল না বোর্ডের। এই মুহুর্তে ভারতীয় টেস্ট দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই রয়েছেন জয়ন্ত যাদব। ওয়াশিংটন সুন্দরের জায়গাতে এই অলরাউন্ডারকেই বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

২০১৬ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র একদিনের ম্যাচ খেলেছিলেন জয়ন্ত যাদব। ছবছর পর ফের ভারতীয় একদিনের দলে ডাক পেলেন  জয়ন্ত যাদব। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মহম্মদ সিরাজ। যেজন্য কেপটাউনে শেষ টেস্টেও নামতে পারেননি তিনি।

হাতে সময় থাকলেও, একদিনের সিরিজের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। তাই নভদীপ সাইনিকে তাঁর স্ট্যান্ডবাই হিসাবে দলে রাখার সিদ্ধান্ত। টেস্ট দলে থাকার সুবাদে নভদীপ সাইনিও রয়েছেন এখন দক্ষিণ আফ্রিকায়। দীর্ঘদিন ভারতের দয়ের জার্সিতে দেখা যায়নিএই তরুণ ক্রিকেটারকেও। বছরের শুরুতেই ভারতের একদিনের দলেও জায়গা পেয়ে গেলেন তিনি।

close whatsapp