আম্পায়ারের ভুল সিদ্ধান্তে সতর্ক করা হল শামিকে, তর্কে জড়ালেন কোহলি
বোলিংয়ের সময় ডেঞ্জার জোনে পা না দেওয়া সত্ত্বেও শামিকে সতর্ক করেন ইরাসমাস
আপডেট করা - Jan 12, 2022 5:10 pm

বুধবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩য় টেস্টের ২য় দিন ম্যাচ নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বেশ সক্রিয় দেখা গেল। স্লিপে ফিল্ডিং করতে করতে বিরাট কোহলি ক্রমাগত ব্যাটারদের বিব্রত করার চেষ্টা করে গেলেন তাঁর স্বভাবজাত টিপ্পনী দিয়ে। দিনের শুরুতে স্বাগতিক ওপেনার এইডেন মার্করামকে হারানোর পর ভারতের পেসার মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ আঁটোসাঁটো বোলিং করে দক্ষিণ আফ্রিকার উপর চাপ তৈরী করেছিলেন। এরই মধ্যে তর্কে জড়ালেন কোহলি একটি সিদ্ধান্ত মানতে না পেরে।
দোষ না করেও শামিকে আম্পায়ার সতর্ক করায় অসন্তুষ্ট হয়ে তর্কে জড়ালেন কোহলি
মাঠের আম্পায়ার মারেই ইরাসমাস প্রথম ঘন্টায় মহম্মদ শামিকে পিচের বিপজ্জনক জায়গায় দৌড়নোর জন্য সরকারী সতর্কবার্তা দিলে অধিনায়ক খুশি হননি। কোহলি আম্পায়ার ইরাসমাসের কাছে গিয়ে তাঁর সাথে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। কোহলি অখুশি ছিলেন কারণ টিভি রিপ্লেতে দেখা গিয়েছিল যে শামি তাঁর বোলিংয়ের ফলো-আপের সময় ডেঞ্জার জোনে পা রাখেননি।
নিয়ম অনুযায়ী আম্পায়ারদের অধিকার আছে বিপজ্জনক এলাকা থেকে দূরে থাকার ব্যাপারে বোলারদের সতর্ক করে দেওয়ার ব্যাপারে। পিচে স্টাম্পের সামনের অংশ যাতে স্বাভাবিকের চেয়ে দ্রুত খারাপ না হয় এবং কোন দল অতিরিক্ত সুবিধা যাতে না পায়।
রিপ্লেতে দেখা যায় যে শামি তাঁর ফলো-আপের সময় ডেঞ্জার জোন থেকে স্পষ্টই দূরে ছিলেন। টিভি রিপ্লেতে বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই কোহলি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেন।
নিউল্যান্ডসে বুধবার সকালে শামি এবং বুমরাহ তাঁদের প্রথম স্পেলে ৫ ওভার বল করেছিলেন এবং তাঁদের বোলিংয়ের সামনে প্রোটিয়া ব্যাটাররা কোন দিশা খুঁজে পাচ্ছিলেন না। দিনের দ্বিতীয় বলে বুমরাহর ভিতরে আসা ডেলিভারি এইডেন মার্করাম ছেড়ে দিতে চেয়েছিলেন, তবে সেই বল এসে আঘাত করে অফ স্টাম্পে। নাইটওয়াচম্যান কেশব মহারাজ গুরুত্বপূর্ণ ২৫ রান যোগ করার পরে উমেশ যাদবের বলে তাঁর মিডল স্টাম্প হারান।
সেখান থেকে লাঞ্চ বিরতি অবধি ভারতীয় বোলাররা ভালো বল করলেও উইকেট আসেনি। কিগান পিটারসেন ও র্যাসি ফান ডার ডাসেন নিরাপদে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে ১০০ রানে পৌঁছে নিয়ে গেছেন। বেশ কয়েকবার বল তাঁদের ব্যাটের প্রান্তে লাগলেও সেগুলি ফিল্ডারের হাত অবধি পৌঁছয়নি।