“রিঙ্কু সিং তার ফিনিশারের ভূমিকার কারণে টি-২০ বিশ্বকাপের জন্য প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন” – অভিষেক নায়ার
আপডেট করা - Dec 3, 2023 8:03 pm

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিষেক নায়ার মনে করছেন যে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ফিনিশার হিসেবে জায়গা করে নেবেন রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন এই প্রতিভাবান ভারতীয় ব্যাটার। টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে তিনি শেষমেশ সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ফিনিশারের ভূমিকা খুব ভালোভাবে পালন করেছেন রিঙ্কু সিং। প্ৰথম টি-২০ ম্যাচটিতে শেষের দিকে পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল ভারত। তবে রিঙ্কু সিংয়ের ১৪ বলে অপরাজিত ২২ রানের সুন্দর ইনিংসের হাত ধরে শেষমেশ ম্যাচটি জিতে নিয়েছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। এরপর, দ্বিতীয় ম্যাচটিতে ৯ বলে অপরাজিত ৩১ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। তৃতীয় ম্যাচটিতে তার ব্যাটিং করার প্রয়োজন পড়েনি। এরপর, চতুর্থ ম্যাচটিতে তিনি জিতেশ শর্মার সাথে মিলে ৫৬ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছিলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে অনবদ্য পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন রিঙ্কু সিং। গুজরাট জায়ান্টসের (জিটি) বিরুদ্ধে একটি ম্যাচে যশ দয়ালের ওভারে টানা ৫টি ছয় মেরে কেকেআরকে জিততে সাহায্য করেছিলেন এই প্রতিভাবান ব্যাটার। এই মরসুমে তিনি ১৪টি ম্যাচ খেলে ৪৭৪ রান করতে সক্ষম হয়েছিলেন। তিনি ৫৯.২৫ গড় এবং ১৪৯.৫২ স্ট্রাইক রেটের সাথে এই রান করেছিলেন। তার সর্বোচ্চ স্কোর ছিল ৬৭* যা তিনি লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে করেছিলেন।
“আমি রিঙ্কু সিংকে এগিয়ে রাখব” – অভিষেক নায়ার
জিও সিনেমাকে অভিষেক নায়ার বলেন, “আমি মনে করি এটি সত্যিই একটি কঠিন প্রশ্ন। আমি মনে করি চারজনই খুব ভালো করেছে। কিন্তু আমি স্ট্রাইকরেট এবং রানের দিকে দেখছি, তার (রিঙ্কু সিং) স্ট্রাইক-রেট হল ১৯০।”
তিনি আরও বলেন, “আমি মনে করি তিনি তার হাত বাড়িয়ে দিয়েছেন যে ‘আমি ভারতের জন্য ফিনিশার হতে পারি।’ হ্যাঁ, হার্দিক পান্ডিয়া আছেন। কিন্তু তিনি এখন একটু আলাদা খেলোয়াড় হয়ে গেছেন। তিনি তার সময় নেন এবং তারপর বড় শট খেলেন। তাই, ফিনিশারের ভূমিকায় আমি মনে করি, রিঙ্কু সিং তাদের থেকে কিছুটা এগিয়ে গিয়ে বলেছেন, ‘হ্যাঁ, আমি এমন একজন ব্যাটার যে যেকোনো জায়গায় ব্যাট করতে পারে, আমি ফিনিশারের ভূমিকা খুব ভালোভাবে পালন করছি’। তাই, আমি রিঙ্কু সিংকে এগিয়ে রাখব।”