বিয়ের আংটিতে চুম্বন করে নিজের ২৮তম টেস্ট শতরান উদযাপন করলেন বিরাট কোহলি
আপডেট করা - Mar 12, 2023 2:54 pm

বিরাট কোহলি অবশেষে টেস্ট ক্রিকেটে আবার শতরান করলেন। চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের চতুর্থ দিনে নিজের ২৮তম টেস্ট শতরানটি করে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনের একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পরে বিরাট কোহলি ২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে তার প্রথম টি-টোয়েন্টি শতরান পেয়েছিলেন। সেই বছরেই বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইতেও শতরান করেন তিনি।
ওডিআই এবং টি-২০ ক্রিকেটে তিনি চেনা ছন্দে ফিরলেও টেস্ট ক্রিকেটে তার লড়াই অব্যাহত ছিল। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শতরান করে অবশেষে তিনটি ফরম্যাটেই ছন্দে ফিরলেন কোহলি। এই শতরানটি করে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭৫টি শতরান সম্পূর্ণ করলেন।
শতরানে পৌঁছনোর পর বিরাট তার বিশেষ শৈলীর সাথে সেটিকে উদযাপন করেন। খেলার সময় বিরাট কোহলি তার বিয়ের আংটিকে একটি চেনের সঙ্গে আটকে নিয়ে গলায় পড়েন। নিজের বিয়ের এই আংটিকেই চুম্বন করে নিজের শতরান করার আনন্দ প্রকাশ করেন তিনি।
শেষ ৩১ ইনিংসে ৫টি শতরান করেছেন বিরাট কোহলি
প্রথমবারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করার পর বিরাট কোহলি ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৩ সালের জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে একদিনের ক্রিকেটে ৩টি শতরান করে তার সামগ্রিক শতরানের সংখ্যা ৭৪-এ নিয়ে যান। ১২০৫ দিন পর আবার টেস্ট ক্রিকেটে শতরান করলেন বিরাট।
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও কেএস ভরতের সাথে সুন্দর পার্টনারশিপ করেন। চতুর্থ টেস্টের তৃতীয় দিনে গিল তার দ্বিতীয় টেস্ট শতরানটি করেন এবং ভারতকে একটি ভালো পরিস্থিতিতে পৌঁছে দেন। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই নিজের অর্ধশতরানটি করে ফেলেছিলেন বিরাট কোহলি। তৃতীয় দিনের শেষে তিনি ১২৮ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
শুভমন গিল আউট হওয়ার পর বিরাট কোহলি দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। তিনি ২৪১ বল খেলে এই শতরানটি করেন। তার ইনিংসের হাত ধরেই ভারত ৪০০ রানের গন্ডি পার করে। কেএস ভরতের পর অক্ষর প্যাটেল ক্রিজে আসেন। দুজনের মধ্যে পার্টনারশিপ ইতিমধ্যেই ৫০ রান টপকে গিয়েছে। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে অস্ট্রেলিয়াকে যতটা সম্ভব লিড দেওয়ার চেষ্টা করবে ভারতীয় দল।