উসমান খোয়াজা একই টেস্টে দুটি সেঞ্চুরি করেও দলে নিজের জায়গা নিয়ে অনিশ্চিত

তিনি যাঁর জায়গায় এসেছেন সেই ট্র্যাভিস হেড পঞ্চম টেস্টের আগে সুস্থ হয়ে যাবেন

Usman Khawaja
Usman Khawaja. (Photo by Cameron Spencer/Getty Images)

বর্ষীয়ান অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খোয়াজা টেস্ট ক্রিকেটে এর চেয়ে ভালো প্রত্যাবর্তন বোধহয় করতে পারতেন না। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান চতুর্থ অ্যাশেজ টেস্টে একটি নয় বরং জোড়া সেঞ্চুরি করলেন। ২০১৯ সালের অ্যাশেজে কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন তিনি। তারপর এই ফর্ম্যাটে দুই বছরের বেশি সময় ধরে সুযোগ পাননি। এমনকি চলমান সিরিজের প্রথম তিন টেস্টেও সুযোগ পাননি তিনি। 

চতুর্থ ম্যাচে তিনি মাঠে নামার সুযোগ পেলেন কারণ ট্র্যাভিস হেড কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। উল্লেখ করা বাহুল্য,  খোয়াজাকে সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে হত এবং তিনি তার পূর্ণ সদ্ব্যবহার করেছেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে তারকা ব্যাটার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৩৭ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০১ রানের সাহায্যে দলকে একটি শক্তিশালী জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন।

তাঁর দুর্দান্ত প্রচেষ্টার ফলে অস্ট্রেলিয়া চলমান টেস্টে ইংল্যান্ডকে ৩৮৮ রানের কঠিন লক্ষ্য দেয়। যদিও খোয়াজার দুর্দান্ত ব্যাটিং বিভিন্ন মহল থেকে প্রশংসা অর্জন করছে, তবে এই ব্যাটার অ্যাশেজের শেষ ম্যাচ খেলবেনই এমন কোন নিশ্চয়তা নেই। হেড এই সিরিজের প্রথম ম্যাচে ব্রিসবেনে একটি সেঞ্চুরি করে ম্যাচ সেরা হন এবং হোবার্টে আয়োজিত হতে চলা পঞ্চম টেস্টের আগে সুস্থ হয়ে যাবেন।  

আমি জানি নির্বাচকরা অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন: উসমান খোয়াজা

যেহেতু হেড প্রথম তিনটি টেস্টে অত্যন্ত ভালো পারফর্ম করেছেন, তাই হোবার্টের ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের কাছে দ্বিধা থাকবে দল নির্বাচন নিয়ে। খোয়াজা সেই বিষয়ে সচেতন এবং প্রাথমিক একাদশে নিশ্চিত জায়গা আশা করছেন না 

“আমি এখানে ট্র্যাভিস হেডের জায়গায় এসেছি, তার একটি দুর্দান্ত সিরিজ ছিল এবং আমি জানি নির্বাচকরা এই সিরিজে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং আমি পরপর সেঞ্চুরি করলেও নিজের জায়গা নিশ্চিত দেখছি না। আমি যা করেছি তা হল কিছু রান করা এবং আমি অস্ট্রেলিয়ার জন্য একটি সুযোগ পেয়ে কৃতজ্ঞ,” চতুর্থ দিনের খেলা শেষে  খোয়াজা বলেছেন।

“ক্ষুধা এখনো আছে। আমি দেখিয়েছি যে যদি ভবিষ্যতে একটি সুযোগ উপস্থিত হয় এখনও এই স্তরে রান করতে পারি,” তিনি যোগ করেছেন। টিম ম্যানেজমেন্টের কাছে আরও একটি উপায় হতে পারে অফ ফর্মে থাকা ওপেনার মার্কাস হ্যারিসকে বসিয়ে সেই জায়গায় খোয়াজাকে রেখে, হেডকে পাঁচে নামানো। 

সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে খোয়াজা বলেছেন, “সম্পূর্ণ সত্যি বলতে, আমি এই টেস্ট ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করেছি এবং এটি আনন্দদায়ক ছিল। আমি রান পেয়েছি কিন্তু ওপেনিং আর পাঁচের তুলনা করা যায় না। এটি আপেল এবং কমলার মত। আমি দুটি ভূমিকাতেই ব্যাটিং করেছি।” 

close whatsapp