আগামী আইপিএলের আগে মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখতে চলেছে চেন্নাই সুপার কিংস
"আপনাকে চেন্নাই এসে আমার শেষ খেলা দেখে যেতে হবে", ফ্যানের প্রশ্নে ধোনির জবাব
আপডেট করা - Oct 6, 2021 1:13 pm

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনির অবসর গ্রহণের পর থেকেই জল্পনা চলছিল আর কত দিন ধোনি আইপএলে খেলা চালিয়ে যাবেন। গত বছর যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল সেটিই তাঁর শেষ আইপিএল কি না তখন তাঁর উত্তর ছিল “একদমই না।” সম্প্রতি তিনি জানিয়েছেন আইপিএলের শেষ ম্যাচটি তিনি চেন্নাইয়ের হলুদ জার্সিতেই খেলতে চান। ফলে তখন এরকম জল্পনা শুরু হয়ে যায় যে তিনি হয়তো আগামী মরসুমেও খেলা চালিয়ে যাওয়ার কথা ভাবছেন।
বিদায়ী সম্বর্ধনা জানাতে হলে আপনাকে চেন্নাই এসে খেলা দেখতে হবে
চেন্নাই সুপার কিংসের স্বত্বাধিকারী ইন্ডিয়া সিমেন্টসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক ফ্যানের প্রশ্নের উত্তরে ধোনি যে উত্তর দিয়েছেন তাতেই ইঙ্গিত মিলেছে যে তিনি খেলা চালিয়ে যাবেন। সেই সমর্থক তাঁকে জিজ্ঞাসা করেন অবসর গ্রগণের সিদ্ধান্ত জানানোর জন্য তিনি ১৫ই অগাস্ট তারিখটিকে বেছে নিয়েছিলেন কেন এবং কখন আসতে চলেছে তাঁর শেষ ম্যাচ।
উত্তরে ধোনি বলেন, “সিদ্ধান্ত জানানোর জন্য ১৫ই অগাস্টের চেয়ে ভালো দিন হতে পারে বলে মনে হয় না। আর যদি বলি শেষ ম্যাচ নিয়ে, তাহলে বলতে হয় সিএসকের জার্সিতেই সেটা হবে। আমাকে বিদায়ী সম্বর্ধনা জানাতে হলে আপনাকে চেন্নাই এসে আমার শেষ খেলা দেখে যেতে হবে। সেখানে আমি আমার সব সমর্থকদের সাথে সাক্ষাত করতে পারব।”
ইন্ডিয়া সিমেন্টস সুনিশ্চিত করেছে সিএসকেতে ধোনিকে ধরে রাখার ব্যাপারে
ইন্ডিয়া সিমেন্টসের এক কর্তা সুনিশ্চিত করেছেন যে ফ্র্যাঞ্চাইজি চায় ধোনিকে আগামী নিলামের আগে দলে ধরে রাখতে। তার সাথে তিনি এও বলেছেন যে শোনির শেষ মরসুম আসতে এখনো কিছুটা দেরি আছে। ৪০ বছর বয়সী ধোনি হয়তো আরো কিছু বছর আইপিএলে খেলা চালিয়ে যাবেন।
সেই কর্তা বলেছেন, “অবশ্যই আমরা ওকে ধরে রাখছি। শুধু পরের বছরই নয়, তারপরেও থাকবে আমাদের সাথে। এখনো কোন কিছুই ঠিক হয়নি। ধোনি শুধু এটুকুই বলেছে শেষ ম্যাচ খেলবে চেন্নাইতে। আগামী বছরই যে শেষবারের মতো খেলবে সেটাও এখনই বলা যাচ্ছে না।”
এখনো বিসিসিআইয়ের পক্ষ থেকে ‘রিটেনশন পলিসি’ নিয়ে সরকারীভাবে কিছু বলা হয়নি বলে সিএসকে কর্তৃপক্ষও ধোনিকে রিটেন করার ব্যাপারে কোন বিবৃতি দেয়নি।