বিরাট স্বস্তি, কেপটাউন টেস্টেই ভারতীয় দলে ফিরতে চলেছেন কোহলি
আপডেট করা - Jan 7, 2022 2:28 pm

যদি বড়সড় কোনও অঘটন না ঘটে তবে চোট সারিয়ে কেপটাউন টেস্টেই ফিরতে চলেছেন বিরাট কোহলি। আর জোবানেসবার্গ টেস্টে হারের পর এই একটা খবরই হয়ত খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে ভারতীয় ক্রিকেট ভক্ত থেকে টিম ইন্ডিয়ার সদস্যদেরকে। লোকেশ রাহুলের পর রাহুল দ্রাবিড়ের জোড়ালো ইঙ্গিতের পরই বিরাটের ফেরা নিয়ে আশাবাদী সকলে। মাঠে ফেরার জন্য বিরাট কোহলিও মুখিয়ে রয়েছেন।
সেঞ্চুরিয়নে বিরাট কোহলির অধিনায়কত্বেই প্রথম টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। প্রথম এশীয় দল হিসাবে সেঞ্চুরিয়নে জেতার রেকর্ডও গড়েছিল দ্রাবিড়ের দল। এরপরই ছিল জোহানেসবার্গ টেস্ট। সেই টেস্টেই ভারতের সামনে ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি। কিন্তু শেষরক্ষা হয়নি। বিরাটহীন এই টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে গিয়েছিল ভারত।
ম্যাচ শুরুর আগের দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্ট শুরুর আধ ঘন্টা আগেই সবচেয়ে বড় ধাক্কাটা আসে ভারতীয় শিবিরে। ফের পিঠে চোট পেয়েছেন বিরাট কোহলি। আর সেই চোটেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান ভারতীয় দলের টেস্ট অধিনায়ক। দায়িত্ব ওঠে লোকেশ রাহুলের কাঁধে। কিন্তু তাঁর অধিনায়কত্বে ওয়ান্ডারার্সে নিজেদের পরিসংখ্যান ধরে রাখতে ব্যর্থ হয়েছে ভারত।
দ্বিতীয় ম্যাচ চলার মাঝামাঝি থেকেই বিরাট কোহলির দলে ফেরা নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। চোট সারিয়ে তিনি কী ফিরতে পারবেন ভারতীয় দলে। উঠছিল প্রশ্ন। যদিও তৃতীয় দিনই বিরাটের সুস্থতা নিয়ে একটা আভাস সকলে পেয়েছিলেন। প্রথম দু দিন না পারলেও, তৃতীয় দিনই ম্যাচ শুরুর আগে গ্লাভস, প্যাডআপ করে মাঠে নেমে পড়েছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয় নেট প্র্যাক্টিসের পাশাপাশি, রাহুল দ্রাবিড়ের থেকে থ্রো ডাউন প্রস্তুতি নিতেও দেখা গিয়েছিল তাঁকে।
আরও কিছু নেট সেশন পাবেন বিরাট, আশা করি কেপটাউনেই তিনি ফিরছেন- রাহুল দ্রাবিড়
স্বস্তি ফেরানোর জন্য সেটাই ছিল যথেষ্ট। কিন্তু তবুও পুরোপুরি সংশয় কাটছিল না সকলের। বিরাট প্রস্তুতি শুরু করে দিলেও, দলে ফিরবেন কবে, তা নিয়ে প্রশ্ন ঘোরপাক খাচ্ছিলই। অবশেষে রাহুল দ্রাবিড়ের আশ্বাসবাণীতেই ফেরে স্বস্তি। দ্রাবিড় জানান, ‘তৃতীয় টেস্টের আগে বিরাটের পুরোপুরি সুস্থ হয়ে ওঠাই উচিত। তিনি ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি, নেটেও প্রস্তুতি সেরেছেন। বিরাটের থ্রো ডাউনের সময় আমি নিজে উপস্থিত ছিলাম নেটে। কেপটাউন টেস্টের আগে আরও বেশ কয়েকটা নেট সেশন পাবেন বিরাট। আশা করি তৃতীয় টেস্টে বিরাট খেলতে নামছেন’।
ওয়ান্ডারার্সে হারের যন্ত্রনার মাঝেও এই সংবাদ একটু হলেও স্বস্তি ফেরাচ্ছে ভারতীয় শিবিরে। শুধু রাহুল দ্রাবিড় নয়, একই কথা শোনা গিয়েছিল লোকেশ রাহুলের মুখেও। এখন কেপটাউনে বিরাট কোহলির ফেরার অপেক্ষা। বিরাটের হাত ধরে ভারতের ভাগ্য ঘোরে কিনা সেই দিকেই তাকিয়ে সকলে।