কেপ টাউন টেস্টে উমেশ যাদবকে খেলানোর প্রস্তাব দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার
তিনি চান অশ্বিনকে বাদ দিয়ে বিহারীকে রাখা হোক
আপডেট করা - Jan 11, 2022 11:00 am

আকাশ চোপড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টেস্টের জন্য টিম ইন্ডিয়াকে তাদের প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। নিউল্যান্ডসে সিরিজ নির্ধারণের জন্য ভারতীয় দলকে অবশ্যই অন্তত দুটি পরিবর্তন করতে হবে। বিরাট কোহলি পিঠের ব্যথা সেরে দলে ফিরবেন, এবং চোটের কারণে মহম্মদ সিরাজ ম্যাচটি থেকে বাদ পড়েছেন।
তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে, আকাশ চোপড়া প্রশ্ন করেছেন যে অভিজ্ঞ ইশান্ত শর্মা ভারতের পেস বোলিং ক্রমে ষষ্ঠ স্থানে থাকায় তিনি কি আদৌ কোনো ম্যাচে সুযোগ পাবেন! তিনি বিস্তারিত বলেছেন, “ফাস্ট বোলারদের মধ্যে কাকে খেলানো হবে? আপনি যদি ইশান্ত শর্মার দিকে তাকান, তিনি ১০০টিরও বেশি টেস্ট খেলেছেন। আপনি চারজন ফাস্ট বোলার নিয়ে নামেন, সেখানে তাঁর নাম নেই। আপনি পাঁচজন খেলালেও, যদি তাঁর নাম না থাকে, তিনি যদি ষষ্ঠ বোলার হন তা হলে একটা প্রশ্ন আছে – আপনি তাঁকে কবে খেলাবেন? এটা একটা বড় প্রশ্ন।”
“আমি বিশ্বাস করি আপনার হনুমা বিহারীকে খেলানো উচিত” – আকাশ চোপড়া
উমেশ যাদবের পক্ষ বাছলেও প্রাক্তন ভারতীয় ওপেনার মনে করেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ইশান্ত শর্মাকেই সুযোগ দেবেন। কারণ হিসেবে তিনি বলেছেন, “আমরা যদি সাম্প্রতিক ফর্ম দেখি, তা হলে উমেশকেই নেওয়া উচিত। দল যদিও সিনিওরিটিকে প্রাধান্য দিকে যেতে পারে এবং ইশান্ত শর্মাকে খেলাতে পারে। ব্যক্তিগতভাবে, আমি উমেশ যাদবকে পছন্দ করতাম।”
টিম ইন্ডিয়ার হয়ে শেষ দুই টেস্টে কোনো উইকেট নিতে ব্যর্থ হয়েছেন ইশান্ত। অন্যদিকে উমেশ ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা শেষ অ্যাওয়ে টেস্টে ছয় উইকেট শিকার করেছিলেন।
আকাশ চোপড়া চান টিম ইন্ডিয়া তাদের ব্যাটিং শক্তিশালী করুক এবং রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে হনুমা বিহারীকে রেখে দেওয়া হোক। তিনি যুক্তি দিয়েছেন, “আমি বিশ্বাস করি আপনার হনুমা বিহারীকে খেলানো উচিত। বিরাট কোহলি আসছে। আমি রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে হনুমা বিহারীকে রাখতে চাই, কারণ আপনি অশ্বিনের কাছ থেকে যে পরিমাণ বোলিং পাচ্ছেন, আপনি বিহারীর কাছ থেকেও তা পেতে পারেন।”
তাঁর মতে এই সিরিজে এখনও পর্যন্ত স্পিনারদের ভূমিকা খুব কমই ছিল। আকাশ চোপড়া ব্যাখ্যা করেছেন, “স্পিন এখানে মোটেও সহায়তা পেতে সক্ষম নয়। ২০০-৩০০ রানের ম্যাচ চলছে এবং কেপ টাউনেও ফাস্ট বোলারদের প্রাধান্য থাকবে। প্রতিপক্ষ দলের কেশব মহারাজ মাত্র এক বা দুই ওভার বল করেন। অশ্বিন পুরো সিরিজে এখনও পর্যন্ত মাত্র দুই বা তিনটি উইকেট নিয়েছেন। সে ভালো ব্যাটিং করেছে কিন্তু উইকেট নিতে পারেনি।”
তবে, আকাশ চোপড়া স্বীকার করে শেষ করেছেন যে তিনি যা ভাবছেন তা হওয়ার সম্ভাবনা কম।