“আনন্দিত, আবেগপ্রবণ এবং সেই সঙ্গে সুযোগের জন্য কৃতজ্ঞ” – সিরিজের সেরা কিগান পিটারসেন

সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক পিটারসেন ৬ ইনিংসে মোট ২৭৬ রান করেছেন

Keegan Petersen
Keegan Petersen. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতকেই ফেভারিট ধরা হচ্ছিল। সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচ জেতার পর মনে হচ্ছিল এইবার বুঝি দক্ষিণ আফ্রিকা থেকে এতোদিনের অধরা সিরিজ জিতে ফেরা সম্ভব হবে। কিন্তু জোহানেসবার্গ টেস্ট ও তারপরে কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকা যেভাবে প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল, সেই নিয়ে যদি ভারত কাঁটাছেড়া করতে বসে, তা হলে কিগান পিটারসেন নামটি নিঃসন্দেহে বারবার তাদের বিশ্লেষণে উঠে আসবে।

সিরিজের প্রথম ম্যাচেই প্রতিভার ঝলক দেখিয়েছিলেন। কিন্তু বড় রান করতে পারেননি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬২। সেখান থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। কেপ টাউন টেস্টের দুটি ইনিংসেই হাফ সেঞ্চুরি করে  সাত উইকেটে জয়ের পিছনে সম্ভবত সবচেয়ে কার্যকরী অবদান তিনিই রাখলেন। তাঁর এই পারফর্ম্যান্সের ফলে কেবল তৃতীয় ম্যাচের সেরাই নন, ম্যান অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন তিনি। 

আমাকে লেগে থাকতে হয়েছিল এবং লড়াই করতে হয়েছিল, বলেছেন কিগান পিটারসেন

সিরিজ সেরা হওয়ার পর উচ্ছ্বসিত কিগান পিটারসেন জানিয়েছেন জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। একটি দীর্ঘ এবং কঠিন যাত্রা পার করে এসে আজ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারের নির্ভরযোগ্য তিন নম্বর ব্যাটিং পজিশনে জায়গা করে নিয়েছেন তিনি। সিরিজের তিন ম্যাচে ছয়টি ইনিংস খেলে পিটারসেন ২৭৬ রান করেছেন, গড় ৪৬। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। 

ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় পিটারসেন বলেছেন, “আমি জানি না আমি কেমন অনুভব করছি, এখনও পুরোপুরি ধাতস্থ হইনি। আনন্দিত, আবেগপ্রবণ এবং সেই সঙ্গে সুযোগের জন্য কৃতজ্ঞ। আমি প্রতিটি ইনিংস থেকে যতটা সম্ভব ইতিবাচক কিছু নিয়েছি এবং সেখান থেকেই ইনিংস গড়ে তুলেছি।” 

“এটি একটি কঠিন যাত্রা ছিল, সহজ ছিল না। আমাকে লেগে থাকতে হয়েছিল এবং লড়াই করতে হয়েছিল। এটি একটি দীর্ঘ যাত্রা, আমি এখনই পুরো গল্পটি বলতে পারব না। এমনকি টেস্টে আসাও সহজ ছিল না; চ্যালেঞ্জিং উইকেট, পরিস্থিতির পরিবর্তন, আমার সামনে যা এসেছে তা মোকাবিলা করতে হয়েছে,” পিটারসেন যোগ করেছেন।

“উচ্চ মানের বোলিং আক্রমণ, একটি উচ্চ মানের দলের বিরুদ্ধে আমাদের সবসময়ই কঠোর হতে হয়েছে। শুধু উইকেটে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি সময় ব্যাট করবেন, তত সহজ হবে। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি,” পিটারসেন শেষে বলেছেন। 

১৯শে জানুয়ারি বুধবার থেকে পার্লে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

close whatsapp