“দ্রাবিড় নিশ্চয়ই তাঁকে ‘বাঁশ’ দিয়েছেন” – পান্তের শট দেখে বিরক্ত গাভাস্কারের প্রতিক্রিয়া

আক্রমণাত্মক শট খেলতে গিয়ে শূণ্য রানে আউট হন পান্ত

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার মনে করেন যে প্রধান কোচ রাহুল দ্রাবিড় নিশ্চিতভাবে ঋষভ পান্তকে ‘বাঁশ’ দিয়েছেন। জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে পান্ত কাগিসো রাবাডার বিরুদ্ধে স্টেপ আউট করে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে তিন বলে শূণ্য রানে আউট হন। পান্ত টেস্ট ক্রিকেটেও প্রায়ই আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং করেন, তবে এক্ষেত্রে তাঁর আগ্রাসন কাজে আসেনি। রাবাডার শর্ট পিচ ডেলিভারি পান্তের ব্যাটের প্রান্তে লেগে উইকেটকিপারের দস্তানায় জমা পড়ে। 

উল্লেখ্য, রাবাডার আগের বলটিও একটি শর্ট পিচ ডেলিভারি ছিল। যা খেলতে গিয়ে পান্তকে বেশ বেগ পেতে হয়। ডেলিভারিটির উচ্চতা সামলাতে না পারায় পান্তের গ্লাভসে বল লাগে। ওই বলটি খেলার পর বিচলিত হয়ে পড়ার কারণেই বোধহয় বোলারকে জবাব দেওয়ার উদ্দেশ্যেই তিনি পাল্টা আক্রমণের পথ বেছে নেন। সেই সময়ে ভারত তাদের দুই সেট ব্যাটার অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার উইকেট পরপর হারিয়েছিল, এবং তিনি ভারতকে আরও চাপে ফেলে প্যাভিলিয়নের পথ ধরায় তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।

পান্তকে নিশ্চিতভাবে কথা শোনাবেন দ্রাবিড়: সুনীল গাভাস্কার

গাভাস্কার গতকাল এই শটের সমালোচনা করার পর আজ আবার এই নিয়ে মুখ খুলেছেন। তিনি সেই সঙ্গে পান্তের অন্যান্য আক্রমণাত্মক ইনিংসেরও উল্লেখ করেছেন। তিনি বলেছেন পান্ত আগেও বোলারকে আক্রমণ করার উদ্দেশ্যে কিছু দুঃসাহসিক শট খেলেছেন, যদিও সেসব ক্ষেত্রে তিনি আউট না হওয়ায় সেই নিয়ে বিশেষ সমালোচনা হয়নি।    

“এটি একটি বৈধ প্রশ্ন। ঋষভ পান্ত যদি ৩০ বা ৪০ রানে ব্যাট করতেন তাহলে এটা বোঝা যেত। অস্ট্রেলিয়ায় তিনি এমনটা করেননি। সেখানে তিনি নিজেকে প্রয়োগ করেছিলেন, বুঝে গিয়েছিলেন যে যখন ব্যাট করতে আসবে শুরুতে কঠিন সময় পার করতে হবে। কঠিন সময়ের মধ্য দিয়ে লড়াই করে তিনি সেট হয়ে যাওয়ার পর এবং পিচ কেমন তা জানার পর বড় শট খেলেছিলেন। অস্ট্রেলিয়ায় তিনি এটাই করেছিলেন,” স্টার স্পোর্টসে গাভাস্কার বলেছেন। 

“আগের বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে আমরা এটা দেখেছি। ইংল্যান্ড যখন ভারতে এসেছিল, তখন তিনি পিচ থেকে এগিয়ে জেমস অ্যান্ডারসনকে মারার চেষ্টা করছিলেন। তখন লেগে যাচ্ছিল। কিন্তু তার পরে তিনি মনে করলেন এটিই খেলার একমাত্র উপায়। এটি খেলার উপায় নয় এবং আমি মোটামুটি নিশ্চিত যে চেঞ্জ রুমে রাহুল দ্রাবিড় তাঁকে কথা শুনিয়েছেন, বা ক্রিকেটের ভাষায় যেমন বলে, দ্রাবিড় নিশ্চয়ই তাঁকে ‘বাঁশ’ দিয়েছেন,” যোগ করেছেন গাভাস্কার।  

close whatsapp