চোট বিরাট কোহলির, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি

Virat Kohli
Virat Kohli. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

জোহানেসবার্গ কখনও তাঁকে খালি হাতে ফেরায়নি। বিরাট কোহলির ফর্মে ফেরার জন্য অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু সেই জাহানেসবার্গে ভারতের হয়ে মাঠেই নামতে পারলেন না বিরাট কোহলি। পিঠের চোটে, শেষ মুহূর্তে ভারতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারত অধিনায়ক। তাঁর জায়গায় দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে অধিনায়কত্ব দেবেন লোকেশ রাহুল। বিরাটের পরিবর্তে প্রথম একাদশে এলেন হনুমা বিহারী। আর সেইসঙ্গেই প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে খানিকটা হলেও চিন্তা বাড়ল দ্রাবিড়ের টিম ইন্ডিয়ার।

সেঞ্চুরিয়নে রান নেই। প্রায় দু বছর ধরেই বিরাট কোহলির ব্যাটে কোনও বড় রান নেই। চিন্তাটা ক্রমশই বাড়ছিল। সেইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল তাঁর জন্য। একদিনের অধিনায়কত্ব যাওয়ার পর বোর্ডের সঙ্গে রীতিমত সংঘাতে জড়িয়েছিলেন বিরাট কোহলি। এরইমাঝে ছিল দক্ষিণ আফ্রিকা সফর।

টেস্ট দলের অধিনায়ক হিসাবেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছিলেন তিনি। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে তাঁর অধিনায়কত্বে দুরন্ত জয় পায় ভারত। সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ২৯ বছরের খরা কাটানোর সুযোগ ভারতের সামনে। জোহানেসবার্গে জিততে পারলেই  ইতিহাস তৈরি করবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই মঞ্চে নামার আগেই বিরাট ধাক্কা দ্রাবিড়ের শিবিরে। পিঠের চোট নিয়ে ছিটকে গেলেন ভারতক অধিনায়ক।

এদিন ম্যাচের টস হওয়ার সময়ই চমকে যান সকলে। বিরাট কোহলির বদলে হঠাত্ই টস করতে মাঠে আসেন লোকেশ রাহুল। জল্পনাটা সেই থেকেই দানা বাঁধতে শুরু করে দেয়। তবে কী বিরাট দ্বিতীয় টেস্টে নেই। অবশেষে সেই দুঃসংবাদটা লোকেশ রাহুলই জানান সকলকে। তাঁর কোমড়ে চোট রয়েছে বহু আগে থেকেই। পিঠের সমস্যাতে মাঝেমধ্যেই সমস্যায় পড়তে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। ম্যাচের আগে সেই পিঠেই ফের চোট হয়েছে ভারতের টেস্ট অধিনায়কের। চেষ্টা চালালেও শেষপর্যন্ত মাঠে নামার মতো ফিট হতে উঠতে পারেননি।

লোকেশ রাহুল জানান, ‘বিরাটের পিঠে চোট রয়েছে। সেজন্যই এই ম্যাচে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত। তবে আমরা আশাবাদী শেষ টেস্টে চোট তিনি ফিরতে পারবেন’। চোটের কথা বলা হলেও, বিরাটের অনুপস্থিতি নিয়ে জল্পনা তো হবেই। সত্যিই চোট হয়েছে তো নাকি আবার অন্য কোনও সমস্যা। কথাবার্তা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।

close whatsapp