জোহানেসবার্গেও বৃষ্টির পূর্বাভাস, অস্বস্তি বাড়াচ্ছে ভারতীয় শিবিরে

The Wanderers Stadium, Johannesburg
The Wanderers Stadium, Johannesburg. (Photo by Tom Shaw/Getty Images)

সেঞ্চুরিয়নের পর এবার জোহানেসবার্গ। এই টেস্ট জিততে পারলেই ২৯ বছরের অপেক্ষার অবসান ঘটাবে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। বিরাট রোহলি টেস্ট ফর্ম্যাটে ভারতের সেরা অধিনায়কও হবেন। কিন্তু জোহানেসবার্গের আবহাওয়া কী সঙ্গ দেবে ভারতের। দ্বিতীয় টেস্টে নামার আগে আবহাওয়া দপ্তরের খবর কিন্তু এতটুকুও স্বস্তি দিচ্ছে না টিম ইন্ডিয়াকে। বরং প্রথম ও দ্বিতীয় দিন বৃষ্টির ভ্রুকুটি চিন্তা বাড়াচ্ছে রাহুল দ্রাবিড়ের দলের।

সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে নামছে ভারত। এই টেস্ট জিতলেই ইতিহাস গড়বে বিরাট বাহিনী। জোহানেসবার্গের পরিসংখ্যানও রয়েছে ভারতেরই পক্ষে। কিন্তু অকালবৃষ্টি এলে তখন কী হবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো অন্তত তেমনই। শোনাযাচ্ছে প্রথম দিন কিছুক্ষণ খেলা হলে গোটা ম্যাচ হওয়া সেদিন অসম্ভব। দ্বিতীয় দিন ক্রিকেটাররা মাঠে নামতে নামতে পারবেন কিনা সেটাই এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সেঞ্চুরিয়নের পর জোহানেসবার্গেও বৃষ্টির পূর্বাভাস

সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিন এক বলও গড়ায়নি পিচে। যদিও শেষপর্যন্ত ম্যাচের ফলাফল ভারতের পক্ষেই গিয়েছিল। কিন্তু পরপর দুদিন বৃষ্টি হলে ম্যাচের ফলাফল হবে কিনা তা নিয়ে আশঙ্কা বাড়াটাই স্বাভাবিক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জোহানেসবার্গের প্রথম দিন বেলার দিকে বৃষ্টি শুরু হতে পারে। আর মধ্যাহ্নভোজের পর প্রবল বৃষ্টির জন্য খেলা না হওয়ারই সম্ভাবনা প্রবল।

দ্বিতীয় দিনের শুরু থেকেই থাকতে পারে বৃষ্টির দাপট। সেঞ্চুরিয়নের মতো এখানেও সেদিন যদি একবলও না গড়ায় তবে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। জোহানেসবার্গে এতদিন সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বছরের প্রথম দিন থেকেই বদলে গিয়েছে সেখানকার আবহাওয়া। আর সেটাই ভারতের সামনে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিপক্ষ শিবিরে কুইন্টন ডিকক নেই। সেইসঙ্গে ওয়ান্ডারার্সের পরিসংখ্যানও ভারতের পক্ষেই রয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক করতে পারলে, এখানেই সিরিজ নিজেদের পকেটে পুরতে পারে ভারত। লক্ষ্যটা প্রথমে খানিকটা সহজ মনে হলেও, হঠাত্ আবহাওয়া পরিবর্তন চিন্তা বাড়াচ্ছে। শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। দক্ষিণ আফ্রিকা ও বৃষ্টি, জোড়া চ্যালেঞ্জ সামলে প্রোটিয়াদের মাটিতে ভারত ইতিহাস গড়তে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp