পরিস্থিতি বুঝে শট নির্বাচনের পরামর্শ কাজে লাগিয়েই সাফল্য, জানালেন ঋষভ পন্থ

Rishabh Pant
Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স ঋষভ পন্থের। দল ম্যাচ জিততে না পারলেও, ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়ে সকলের মুখেই প্রশংসা। মাত্র ১৫ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল ঋষভ পন্থের। কিন্তু লোকেশ রাহুলের সঙ্গে তাঁর পার্টনারশিপটাই ভারতকে দুশো রানের গন্ডী টপকানোর পথে এগিয়ে দিয়েছিল। সেইসঙ্গে তাঁর শট নির্বাচন নিয়েও প্রশংসা। ড্রেসিংরুমে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। রাহুল দ্রাবিড় থেকে অভিজ্ঞদের পরামর্শেই এই সাফল্য এসেছে বলে মনে করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে নামার পর থেকেই ঋষভ পন্থের ব্যাটিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তাঁর শট নির্বাচন থেকে শরু করে পরিস্থিতি বুঝে না খেলাকে ঘিরে কম সমালোচনা হয়নি। কখনও সূনীল গাভাস্কার তো কখনও গৌতম গম্ভীর, সঞ্জয় মঞ্জেরেকরদের গলায় শোনা গিয়েছে তাঁর সমালোচনা। সেসবের দিকেই এবার নজর দিচ্ছেন ঋষভ পন্থ। ড্রেসিংরুম থেকেও পাচ্ছেন পরামর্শ , আর তাতেই নাকি সাফল্য আসছে ঋষভ পন্থের।

পার্লে দ্বিতীয় ম্যাচ শেষে এই প্রসঙ্গে ঋষভ পন্থের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, “ড্রেসিংরুমে সবসময়ই পজিটিভ আলোচনা হয়। কেমনভাবে পরিস্থিতি বুঝে মাথা ঠানডা রেখে কেমন শট নির্বাচন করে খেলব, সেসব নিয়েও এই কদিন ধরে বহু আলোচনা হয়েছে। আর সেই মতোই মাঠেও প্রস্তুতি সেরেছি। তাতেই সাফল্য আসছে”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই সবচেয়ে বেশী সমালোচিত হয়েছিলেন ঋষভ পন্থ। প্রোটিয়াদের বিরুদ্ধে সবচেয়ে পুজারা এবং রাহানের উইকেট খোয়ানের পর একটা বড় পার্টনারশিপের লক্ষ্যে ছিল ভারত। সেই সময়ই ক্রিজে আসেন ঋষভ পন্থ। কিন্তু ফান ডার ডাসেনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এই তরুণ তারকা। আর মাথা দরম করে মাত্র ৩ রানেই সাজঘরে ফেরেন তিনি। এর ফলেই ভারতের বড় রানের এগোনোর দৌড় থেমে যায়। আর তার পর থেকেই ঋষভ পন্থের এমন কান্ডের সমালোচনা শুরু করেন গাভাস্কারের মতো প্রাক্তন তারকারা।

ম্যাচ শেষে রাহুল দ্রাবিড়কেও এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল। তিনি জানিয়েছিলেন পরিস্থিতি বুঝে খেলার ব্যপারে ঋষভ পন্থের সঙ্গে আলোচনা করবেন। পরামর্শও দেবেন তিনি। হয়ত দিয়েছেনও। আর তাতেই যেন ধীরে ধীরে ফল পেতে শুরু করেছেন ঋষভ পন্থ। শেষ টেস্টে ঋষভের ব্যাট থেকে আসে শতরান।

দ্বিতীয় একদিনের ম্যাচেও কঠিন পরিস্থিতিতে এসে লোকেশ রাহুলের সঙ্গে দলের হাল ধরেন তিনি। মাত্র ১৫ রানের জন্য একদিনের ক্রিকেটের প্রথম শতরানটা হাতছাড়া হলেও, তিনি যে পরামর্শ পেয়ে সাফল্যের পথে হাঁটছেন তা বলতে দ্বিধা করেননি ঋষভ পন্থ। একইসঙ্গে ভারত হারলেও, দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে বেশ প্রশংসাই শোনা যায় তাঁর গলায়। একইসঙ্গে শার্দূল ঠাকুরের লোয়ার অর্ডার পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বসিত ২৪ বর্ষীয় এই তারকা।

 

 

close whatsapp