ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দুর্দান্ত জয়ের পর নিজের বক্তব্য জানালেন শাই হোপ
আপডেট করা - Jul 30, 2023 5:04 pm

ভারতের বিরুদ্ধে প্ৰথম একদিনের ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় একদিনের ম্যাচে অসাধারণভাবে কামব্যাক করেছে শাই হোপের নেতৃত্বাধীন দল। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সিরিজ ১-১ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি উভয় দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচটিতে যে দল জিতবে সেই দল সিরিজ নিজেদের নামে করবে।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ দ্বিতীয় ওডিআই ম্যাচে জয়ের পর নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি পরের ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী।
ম্যাচ-পরবর্তী উপস্থাপনার সময় শাই হোপ বলেছিলেন, “সত্যি বলতে আমি খুব সন্তুষ্ট, যেমন আমি আগের ম্যাচে বলেছিলাম আমরা ফিরে আসতে চাই এবং সিরিজে সমতা আনতে চাই এবং আমরা তা করেছি। সিরিজ জেতার জন্য আমাদের পরের ম্যাচে জিততে হবে। ছেলেরা আবার ভালো পারফর্ম করবে। আমরা মনোভাবের ব্যাপারে কথা বলতে থাকি, যখনই আমরা মাঠে থাকব তখনই আমাদের এটি দেখাতে হবে।”
তিনি যোগ করেছিলেন, “আমাদের আরও বেশি করে এটির পুনরাবৃত্তি করতে হবে, নতুন বলে শুরু করাটা কঠিন ছিল, বোলাররা তাদের কাজ করেছে এবং ব্যাটাররাও শেষ পর্যন্ত তাদের কাজটি করেছে। আমরা যে পরিকল্পনাগুলির সাথে মাঠে নামি সেগুলির বাস্তবায়ন করতে হবে এবং সবসময় ভালো মনোভাব দেখাতে হবে।”
দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই কারণে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুটা অসাধারণভাবে করেছিল ভারত। দুই ওপেনার ইশান কিষান এবং শুভমন গিলের মধ্যে ৯০ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে উঠেছিল। ইশান কিষান ৫৫ বলে ৫৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছয়। শুভমন গিল ৫টি চার সহ ৪৯ বলে ৩৪ রান করেন। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১৮১ রানে অলআউট হয়ে যায় ভারত।
ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই রান তাড়া করে ম্যাচটি জিতে নেয়। কাইল মেয়ার্স ৪টি চার এবং ২টি ছয় সহ ২৮ বলে ৩৬ রান করেন। শাই হোপ এবং কেসি কার্টি যথাক্রমে ৮০ বলে ৬৩ রান এবং ৬৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান শাই হোপ।