অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের প্রত্যাবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন
আপডেট করা - Jun 25, 2023 5:42 pm

২৮শে জুন, বুধবার থেকে লর্ডসে অ্যাশেজ সিরিজ ২০২৩-এর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এই সিরিজে এগিয়ে আছে। প্ৰথম টেস্টে একসময় মনে হচ্ছিল যে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড এগিয়ে আছে, কিন্তু শেষমেশ সেই রুদ্ধশ্বাস ম্যাচটিতে জয় পায় অস্ট্রেলিয়া। নিজেদের ঘরের মাঠে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হারার পর দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে অবশ্যই কামব্যাক করতে চাইবে ইংল্যান্ড। তাদের দলের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন সেই ব্যাপারেই মুখ খুলেছেন।
প্ৰথম টেস্ট ম্যাচটি বেশ রোমাঞ্চকর ছিল। বেন স্টোকস প্ৰথম দিন ইনিংস ডিক্লেয়ার করে সবাইকে চমকে দিয়েছিলেন। অস্ট্রেলিয়া ১০০ রানের গন্ডি টপকানোর আগেই ৩টি উইকেট হারিয়েছিল কিন্তু উসমান খাওয়াজার দুর্দান্ত ইনিংসের উপর ভর করে তারা ইংল্যান্ডের রানের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারা বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের থেকে মাত্র ৭ রান পিছনে ছিল। দ্বিতীয় ইনিংসে ২৭৩ রান করে অস্ট্রেলিয়ার সামনে ২৮১ রানের লক্ষ্য রেখেছিল ইংল্যান্ড। পঞ্চম দিনে অধিনায়ক প্যাট কামিন্সের একটি গুরুত্বপূর্ণ ইনিংসের হাত ধরে ম্যাচটি জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া।
জেমস অ্যান্ডারসনের বক্তব্যকে এনডিটিভি উদ্ধৃত করেছে, “আমি মনে করি আমরা আরও ইতিবাচক, আরও আক্রমণাত্মক, আরও এন্টারটেইনিং ভাবে খেলতে পারব। এজবাস্টনের মতো এখান থেকেও যাতে লোকেরা প্রতিদিন আনন্দের সাথে বাড়ি ফিরতে পারে আমরা সেটার জন্য চেষ্টা করতে চাই এবং সেটি নিশ্চিতও করতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা ১-০ ব্যবধানে পিছিয়ে আছি বলে আমার মনে হয় না আমরা আলাদা কিছু করার চেষ্টা করব। আমার মনে হয় আমরা গত সপ্তাহে সকলকে যথেষ্ট ভালোভাবে দেখিয়েছিলাম যে আমরা যদি এভাবে খেলতে থাকি এবং কিছু ক্ষেত্রে উন্নতি করি তাহলে আমরা পরের চারটি ম্যাচ জিততে পারি। আমরা ঠিক একইভাবে খেলব।”
প্রথম ম্যাচটিতে বল হাতে খুব একটা সফল হননি জেমস অ্যান্ডারসন
এজবাস্টন টেস্টে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি জেমস অ্যান্ডারসন। প্ৰথম ইনিংসে অস্ট্রেলিয়া ১০ উইকেটে ৩৮৬ রান করেছিল। সেই ইনিংসে অ্যান্ডারসন ২১ ওভারে ৫৩ রান দিয়ে মাত্র ১টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে অবস্থার আরও অবনতি হয়। তিনি এই ইনিংসে ১৭ ওভারে ৫৬ রান দিয়েছিলেন তবে কোনো উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচটিতে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।