আইপিএলের ইতিহাসে প্রথমবারের জন্য ঘটল এমন ঘটনা, একই ম্যাচে শতরান করলেন দুই দলের ব্যাটার

Heinrich Klaasen and Virat Kohli
Heinrich Klaasen and Virat Kohli. (Photo Source: twitter/ipl)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৫ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৮ উইকেটে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এই ম্যাচে এসআরএইচের হয়ে শতরান করেন হেনরিখ ক্লাসেন এবং আরসিবির হয়ে শতরান করেন বিরাট কোহলি। অর্থাৎ, এই ম্যাচে দুই দলের দুজন খেলোয়াড় শতরান পেয়েছেন। এই ঘটনাটি আইপিএলের ইতিহাসে প্ৰথমবার ঘটল।

হেনরিখ ক্লাসেন ৫১ বলে ১০৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৮টি চার এবং ৬টি ছয়। আইপিএলের মঞ্চে এটি ছিল তার প্রথম শতরান। তিনি হর্ষল প্যাটেলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তার এই ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করে। আরসিবি ১৯.২ ওভারে ২ উইকেটে ১৮৭ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয়। বিরাট কোহলি ৬৩ বলে ১০০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১২টি চার এবং ৪টি ছয় মারেন। আইপিএলে এটি ছিল তার ষষ্ঠ শতরান। এই শতরানটি করার মাধ্যমে আইপিএলে সবথেকে বেশি শতরান করার রেকর্ড করলেন তিনি। এই রেকর্ডে ক্রিস গেইলের নামও রয়েছে। শতরান করার পর ভুবনেশ্বর কুমারের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

বিরাট কোহলি এই মরসুমে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ৫৩৮ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৪৪.৮৩ ও ১৩৫.৮৬। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। অন্যদিকে, হেনরিখ ক্লাসেন চলতি মরসুমে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৪৩০ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৫৩.৭৫ ও ১৭৯.১৭। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের তালিকায় তিনি সপ্তম স্থানে রয়েছেন।

আইপিএলে তৃতীয়বারের জন্য একই ম্যাচে দুজন খেলোয়াড় শতরান করলেন

এসআরএইচ বনাম আরসিবি ম্যাচের আগে একই ম্যাচে দুটি শতরান এসেছিল ২০১৬ সাল এবং ২০১৯ সালের মরসুমে। ২০১৬ সালের মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট লায়ন্স (জিএল) ম্যাচে শতরান করেছিলেন বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। সেই ম্যাচে বিরাট এবং এবি ডি যথাক্রমে ৫৫ বলে ১০৯ এবং ৫২ বলে ১২৯ রান করেছিলেন।

২০১৯ সালের মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো শতরান করেছিলেন। সেই ম্যাচে ওয়ার্নার এবং বেয়ারস্টো যথাক্রমে ৫৫ বলে ১০০* এবং ৫৬ বলে ১১৪ রান করেছিলেন।

 

close whatsapp