নিজেদের পকেট থেকে জরিমানার অর্থ পরিশোধ করবেন না বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর
আপডেট করা - May 4, 2023 5:23 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৩ তম ম্যাচ চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) আফগান পেসার নবীন-উল-হকের মধ্যে কথা কাটাকাটি হয়। ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়রা যখন একে অপরের সাথে হাত মেলাচ্ছিলেন তখন আবারও বিরাট এবং নবীনের মধ্যে তর্কাতর্কি হয়।
ম্যাচ শেষ হওয়ার পরে এলএসজির মেন্টর গৌতম গম্ভীরও বিরাট কোহলির সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন। দুই দলের খেলোয়াড়রা এবং কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেন। এই ঘটনা ঘটার পর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। অন্যদিকে, নবীন-উল-হককে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।
তাদের কত টাকা জরিমানা দিতে হবে এবং সেটি তাদের বার্ষিক বেতন থেকে কাটা হবে কিনা সেই নিয়ে অনেক ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল। আইপিএলের ম্যাচ ফি আন্তর্জাতিক ম্যাচের মতো আগে থেকে ঠিক করা থাকে না। এটি অনেকগুলি জিনিসের উপর নির্ভর করে, যেমন নিলামে সেই খেলোয়াড় কত দাম পেয়েছিল, যদি সেই খেলোয়াড়কে ফ্রাঞ্চাইজি রিটেন করে থাকে সেক্ষেত্রে তার প্রকৃত বেতন এবং সেই মরসুমে সেই ফ্রাঞ্চাইজি কতগুলি ম্যাচ খেলেছে।
কয়েকটি রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে বেশিরভাগ ফ্রাঞ্চাইজি তাদের দলের খেলোয়াড়দের জরিমানা পরিশোধ করে দেন। সেই কারণে জরিমানার পরিমাণ যতই হোক না কেন আরসিবি সেই টাকা দেবে।
“খেলোয়াড়রা অনেক ঘাম ঝরিয়ে তাদের দলের জন্য খেলেন এবং তারা সবসময় দলকে আগে রাখেন” – আরসিবি সূত্র
একজন আরসিবি সূত্রের তরফ থেকে জানা গেছে যে খেলোয়াড়রা তাদের দলের হয়ে অনেক পরিশ্রম করেন এবং ফ্রাঞ্চাইজি সেটিকে সম্মান করে। সেই কারণেই তাদের বেতন থেকে জরিমানার অর্থ কাটা হয় না।
আরসিবি সূত্রকে ক্রিকবাজ উদ্ধৃত করে, “খেলোয়াড়রা অনেক ঘাম ঝরিয়ে তাদের দলের জন্য খেলেন এবং তারা সবসময় দলকে আগে রাখেন। আমরা এটিকে সম্মান করি এবং সেই কারণেই তাদের বেতন থেকে আমরা জরিমানা কাটি না।”
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৯ ম্যাচে ১০ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টাস ১০ ম্যাচে ১১ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।