আর্শদীপ সিংয়ের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত

Deepdas Gupta
Deepdas Gupta. (Photo Source: Instagram)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৬ তম ম্যাচে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসকে (পিবিকেএস) ৬ উইকেটে পরাজিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৩ উইকেটে ২১৪ রান করেছিল পিবিকেএস। ৭ বল বাকি থাকতেই পাহাড় সমান রানের লক্ষ্য তাড়া করে ম্যাচটি জিতে নেয় এমআই।

এই ম্যাচটিতে পিবিকেএসের হয়ে সবথেকে বেশি রান দিয়েছিলেন তাদের দলের অভিজ্ঞ বোলার আর্শদীপ সিং। তিনি ৩.৫ ওভারে ৬৬ রান দিয়ে ১টি উইকেট নেন। এই মরসুমে এমআইয়ের বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। সেই ম্যাচে আর্শদীপ ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন।

প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার দীপ দাশগুপ্ত আর্শদীপ সিংয়ের পারফরম্যান্সের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি পাঞ্জাব কিংসের বোলিং ইউনিটের পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছেন।

দীপ দাশগুপ্ত ক্রিকবাজকে বলেন, “পাঞ্জাবের বোলিং ইউনিট গত কয়েকটি ম্যাচে প্রচুর পরিমাণে রান দিয়েছে। আমি মনে করি না যে এটি তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। আর্শদীপ খুব ভালো একজন বোলার, কিন্তু তিনি অনেক রান দেন। এই ম্যাচটি বাদ দিন; এমনকি শেষ ম্যাচেও তিনি অনেক রান দিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “একটি ইউনিট হিসাবে, তারা পারফর্ম করেনি। তিনি একটু চাপা স্বভাবের, কিন্তু তার শারীরিক অঙ্গভঙ্গি দেখে আপনি বুঝতে পারবেন যে একটি ভালো স্পেল আবার তাকে স্বমহিমায় ফিরিয়ে আনবে।”

ইশান কিষান এবং সূর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংসের হাত ধরে জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স

মুম্বাইকে এই বড় রানের লক্ষ্যে পৌঁছে দেওয়ার পিছনে সবথেকে বড় অবদান ছিল ইশান কিষান এবং সূর্যকুমার যাদবের। তারা দুজনে মিলে ১১৬ রানের একটি ঝোড়ো পার্টনারশিপ করেন।

ইশান ৭টি চার এবং ৪টি ছয় সহ মাত্র ৪১ বলে ৭৫ রানের রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। অন্যদিকে, সূর্যকুমার ৩১ বলে ৬৬ রানের একটি দারুন ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছয়। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান ইশান কিষান।

৯টি ম্যাচে ৫টি জয়ের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের নেট রান রেট হল -০.৩৭৩। অন্যদিকে, পাঞ্জাব কিংস এখনও অবধি ১০টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে। তারা পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে এবং তাদের নেট রান রেট হল -০.৪৭২।

close whatsapp