আইপিএল ২০২৩, ম্যাচ ৪০: ডিসি বনাম এসআরএইচ ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা
হারের পরে পয়েন্ট তালিকার নিম্নতম স্থানেই থেকে গেল দিল্লি
আপডেট করা - Apr 29, 2023 11:26 pm

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস (ডিসি) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) মুখোমুখি হয়েছিল। ৪ উইকেট নেওয়ার পরে হাফ সেঞ্চুরি করেও মিচেল মার্শ দিল্লিকে জেতাতে ব্যর্থ হলেন। তবে অভিষেক শর্মার অলরাউন্ড পারফর্ম্যান্স বৃথা যায়নি এবং ৯ রানে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ অষ্টম স্থানে উঠে এসেছে।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারালেও মার্শ ও ফিল সল্টের মধ্যে ১১২ রানের পার্টনারশিপ ডিসিকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তবে পরের ৩৪ বলে মাত্র ৩৬ রান যোগ করে ৫ উইকেট হারানোর পরে দিল্লির পক্ষে ম্যাচ জেতা সম্ভব হয়নি। বল হাতে সানরাইজার্সের হয়ে নজর কেড়েছেন টি নটরাজন (১/৩৪)।
অভিষেক শর্মার সাহসী ইনিংসের সৌজন্যে জয় পেল হায়দ্রাবাদ
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন এসআরএইচ অধিনায়ক এইডেন মার্করাম। পাওয়ারপ্লেতে দুটি উইকেট হারানো সত্ত্বেও অভিষেক শর্মার একটি কার্যকর ইনিংস হায়দ্রাবাদকে বড় স্কোরে পৌঁছে দিয়েছিল।
এসআরএইচের ভয়ানক সূচনা হয়েছিল, যখন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল তৃতীয় ওভারে মাত্র পাঁচ রানে অভিজ্ঞ ইশান্ত শর্মার শিকার হন। এরপরে পঞ্চম ওভারে মিচেল মার্শের হাতে আউট হন রাহুল ত্রিপাঠী। প্রথম দিকের দুটি ধাক্কা সত্ত্বেও, অভিষেক তাঁর গতি বজায় রেখেছিলেন এবং মাত্র ২৫ বলে তাঁর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৩৬ বলে ৬৭ রান করে শেষ হয় অভিষেকের ইনিংস।
মিচেল মার্শ বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন এবং মার্করাম ও হ্যারি ব্রুককে আউট করে এসআরএইচের ইনিংসকে জোরালো ধাক্কা দিয়েছিলেন। তবে হাইনরিখ ক্লাসেন ২৭ বলে ৫৩* রান করে হায়দ্রাবাদকে ১৯৭/৬ স্কোরে পৌঁছে দিয়েছিলেন। চার ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দিল্লির হয়ে সেরা বোলার ছিলেন মিচেল মার্শ।
আইপিএল ২০২৩-এর ম্যাচ ৪০-এর পরে পয়েন্ট তালিকা
| স্থান | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
| ১ | গুজরাত টাইটান্স | ৮ | ৬ | ২ | ১২ | ০.৬৩৮ |
| ২ | রাজস্থান রয়্যালস | ৮ | ৫ | ৩ | ১০ | ০.৯৩৯ |
| ৩ | লখনউ সুপার জায়ান্টস | ৮ | ৫ | ৩ | ১০ | ০.৮৪১ |
| ৪ | চেন্নাই সুপার কিংস | ৮ | ৫ | ৩ | ১০ | ০.৩৭৬ |
| ৫ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৮ | ৪ | ৮ | ৮ | -০.১৩৯ |
| ৬ | পাঞ্জাব কিংস | ৮ | ৪ | ৪ | ৮ | -০.৫১০ |
| ৭ | কলকাতা নাইট রাইডার্স | ৯ | ৩ | ৬ | ৬ | -০.১৪৭ |
| ৮ | সানরাইজার্স হায়দরাবাদ | ৮ | ৩ | ৫ | ৬ | -০.৫৭৭ |
| ৯ | মুম্বই ইন্ডিয়ান্স | ৭ | ৩ | ৪ | ৬ | -০.৬২০ |
| ১০ | দিল্লি ক্যাপিটালস | ৮ | ২ | ৬ | ৪ | -০.৮৯৮ |