আইপিএল ২০২৩, ম্যাচ ৩৯: কেকেআর বনাম জিটি, গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ
জিটির একাদশে ফিরে আসতে পারেন সাই সুধারসান
আপডেট করা - Apr 28, 2023 5:07 pm

পরপর দুই ম্যাচ জিতে গুজরাত টাইটান্স (জিটি) আইপিএল ২০২৩-এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এই মরসুমে তাদের অষ্টম লিগ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সামনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২৯শে এপ্রিল, শনিবার, চলমান মরসুমের ৩৯তম ম্যাচে দুই দল ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে। দুই দলের মধ্যে আগের ম্যাচে কেকেআর শেষ ওভারে ২৯ রান তাড়া করে অত্যাশ্চর্য জয় ছিনিয়ে নিয়েছিল।
আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫৫ রানের আধিপত্যপূর্ণ জয় অর্জন করেছিল জিটি। শুবমান গিল, অভিনব মনোহর ও ডেভিড মিলারের আগ্রাসী ইনিংসের সৌজন্যে জিটি ২০৭/৬ করেছিল। জবাবে মুম্বাই ২০ ওভারে ১৫২/৯ অবধিই পৌঁছতে পেরেছিল। পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থাকা কেকেআরের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক জিটির সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
৭ ম্যাচে ২৮৪ রান করে শুবমান গিল গুজরাতের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং তাঁর প্রাক্তন হোম গ্রাউন্ডে ফিরে এসে গিল বড় ইনিংস খেলতে চায়বেন। তাঁর ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে। কেরিয়ারের দেড় দশকেরও বেশী সময় ইডেন গার্ডেন্সই ছিল ঋদ্ধিমানের হোম গ্রাউন্ড। তাই এই দুজনের পূর্ব অভিজ্ঞতা দলের কাজে লাগবে।
আলজারি জোসেফকে একাদশে ফেরাতে পারে জিটি
কেকেআরের বিরুদ্ধে আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা সাই সুধারসান একাদশে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে বাদ যেতে পারেন বিজয় শঙ্কর। সুধারসান ফিরে এলে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাটিং ক্রমের চার নম্বরে নেমে যেতে পারেন। ফিনিশার হিসেবে ডেভিড মিলার ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। আগের ম্যাচে ২২ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২০০ রানের গণ্ডী টপকাতে সাহায্য করেছিলেন।
মুম্বাইয়ের বিরুদ্ধে ছয়ে নেমে অভিনব মনোহর ২১ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং তিনিই ম্যাচের সেরা হন। অভিনবকে আবার ছয়েই দেখার সম্ভাবনা রয়েছে। সাতে নেমে রাহুল তেওয়াটিয়া মাত্র ৫ বলে ২০ রানের কার্যকরী ইনিংস খেলেন। তেওয়াটিয়ার কাছ থেকে এমনই একটি ইনিংসের প্রত্যাশা থাকবে আসন্ন ম্যাচেও।
রাশিদ খানকে আটে নামানো হতে পারে। এই মরসুমে এখনও ব্যাট হাতে বিশেষ পারফর্ম করতে না পারলেও, কেকেআরের তুলনামূলক দুর্বল বোলিং লাইন-আপের বিরুদ্ধে বড় শট মেরে রান যুক্ত করতে পারেন। কলকাতার পেস সহায়ক পিচের কথা মাথায় রেখে আলজারি জোসেফকে একাদশে ফেরানো হতে পারে জোশুয়া লিটলের জায়গায়। স্পিনার হিসেবে নূর আহমদ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে পারেন।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, আলজারি জোসেফ, মোহিত শর্মা।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, আলজারি জোসেফ, মোহিত শর্মা, নূর আহমদ।